খুঁজুন
, ,

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা জেলা অটো শ্রমিকদল সভাপতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা জেলা অটো শ্রমিকদল সভাপতি
শেয়ার করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজন চুরির চেষ্টার অভিযোগে। আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি জেলা শ্রমিকদল আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকার স্থানীয়রা তাদেরকে আটক করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম আলম ফকিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটকের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করে কালাম ফকির নামে পরিচয় দেন আলম ফকির।

পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলম ফকিরের বিরুদ্ধে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। সার্বিক বিষয় বিবেচনায় তাকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তার আচরণে কোনো পরিবর্তন আনেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হবে।

ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।

যুগান্তরের সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
যুগান্তরের সাংবাদিকের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর
শেয়ার করুন

রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে দুটি মোবাইল ফোনও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। বিএনপির নামধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুইজোর গ্রামে অমিত হাসান রবিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করেন এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন এমন কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে আবদার জেলে, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন ছিলেন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন। একপর্যায়ে বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যান তারা।

পরিবারের সদস্যরা জানান, হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

অমিত হাসান রবিন বলেন, এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবার।

আইনজীবীদের তুলে নিয়ে মারধর, নিন্দা ও উদ্বেগ জেলা বারের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
আইনজীবীদের তুলে নিয়ে মারধর, নিন্দা ও উদ্বেগ জেলা বারের
শেয়ার করুন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে মারধর ও নাজেহাল করার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার অভিন্ন পরিচয় তাঁরা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোনো রাজনৈতিক দল কখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি, এখনো করে না।

 

বিবৃতিতে আরও বলা হয়, ১০ নভেম্বর জেলা আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে মারধর ও নাজেহাল করা হয়েছে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবার মান-সম্মান রক্ষায় বদ্ধপরিকর।

 

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাংবাদিকের এরফানের ওপর ছাত্রদল নেতার হামলা, মোবাইল-ড্রোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সাংবাদিকের এরফানের ওপর ছাত্রদল নেতার হামলা, মোবাইল-ড্রোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শেয়ার করুন

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলা, হেনস্তা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ওই সাংবাদিক।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

 

হামলার শিকার এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি। তিনি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য।

 

সাংবাদিক এরফান হোসাইনের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। এ সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তাঁর সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর হামলা ও হেনস্তা করেন।

 

এরফান হোসাইন জানান, মঙ্গলবার জাতীয় দৈনিক ভোরের দর্পণে ‘কোটি টাকার বাঁধ কেটে মৎস্য প্রজেক্ট’ শিরোনামে তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সকাল থেকেই ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানা তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন বলে জানতে পারেন এরফান। এর জের ধরে বিকেলে আদালত চত্বরে ওই নেতা ও তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁর ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।

 

এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারবেন না।’

 

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের শামিল। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা, মালামাল ছিনিয়ে নেওয়া ও হত্যার হুমকির অভিযোগে কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।