বিডিআর বিদ্রোহের ৩৪ সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ১২ জনের গুমের পেছনে জড়িত যারা
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর বিদ্রোহের সাক্ষী ও আসামিদের রহস্যজনক মৃত্যু এবং গুমের ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। স্টার নিউজের অনুসন্ধানে পাওয়া নথি, তদন্ত কমিশনের সদস্যদের বক্তব্য এবং সাবেক র্যাব কর্মকর্তার সাক্ষ্যে উঠে এসেছে, বিদ্রোহের গুরুত্বপূর্ণ সাক্ষীদের সরিয়ে দেওয়ার পেছনে জিয়াউল আহসানের ভূমিকা ছিল। এমনকি কয়েকজনকে তিনি নিজ হাতে গুলি করে হত্যা করেছেন বলেও দাবি করেছেন তাঁর সঙ্গে কাজ করা এক সাবেক কর্মকর্তা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে হত্যা করা হয় সেনা কর্মকর্তাদের। এ ঘটনার পর সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বিডিআর সদর দপ্তরে গিয়ে সাক্ষ্য নেওয়া শুরু করলে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের চার মাসের মধ্যে আসামি ও সাক্ষীর তালিকায় থাকা ৩৪ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়। বিদ্রোহের দেড় বছরের মধ্যে গুম হন আরও ডজনখানেক সদস্য। তাঁদের কেউ ছিলেন সাক্ষী, কেউবা আসামি।
এমনই একজন ছিলেন পিলখানা জামে মসজিদের তৎকালীন ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। এক যুগ ধরে বিডিআরে চাকরি করলেও পিলখানায় ছিলেন প্রায় আড়াই বছর। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দরবার শুরুর আগে তিনি কোরআন তিলাওয়াত করেছিলেন। এরপরই সৈনিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। সবকিছুই ঘটেছিল তাঁর চোখের সামনে।
বিদ্রোহের ঘটনায় সাক্ষী করা হয় সিদ্দিকুর রহমানকে। তবে সাক্ষ্যগ্রহণ চলাকালে হঠাৎ তাঁর মৃত্যু হয়। তাঁর এই মৃত্যু স্বাভাবিক ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে স্টার নিউজ। গন্তব্য পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রাম। বলেশ্বর নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামে এখনো পৌঁছায়নি আধুনিকতার ছোঁয়া। ভাঙা ও সরু রাস্তা পেরিয়ে জরাজীর্ণ টিনের একটি বাড়িতে থাকেন মাওলানা সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরীন।
তিনি স্টার নিউজকে বলেন, ‘কোরআন তিলাওয়াত শেষ করে সিদ্দিকুর রহমান অফিসারদের পাশে এসে বসেন। এরপরই ডিজিসহ অন্যদের ঘিরে ধরেন সৈনিকরা। তখন স্টেজের পেছনে জিনিসপত্রের আড়ালে লুকিয়ে পড়েন অফিসাররা। তিনিও অফিসারদের সঙ্গে ছিলেন। ডিজি তাঁর সামনেই প্রধানমন্ত্রীকে কল দেন। আর্মি চিফকে কল দেন। কিন্তু কেউ সাড়া দেননি। একজন সৈনিক এসে বলেন, “আরে, ইমাম সাহেব, আপনি এখানে কী করছেন? বের হন।” এরপর তাঁর দিকে অস্ত্র তাক করে দরবার হল থেকে বের করে দেওয়া হয়।’
এক দিন পর, ২৬ ফেব্রুয়ারি। পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর অস্ত্রধারী সৈনিকরা সবাইকে বের করে দিলে পরিবারসহ বেরিয়ে আসেন ইমাম সিদ্দিকুরও। সপ্তাহখানেক পর ঘটনার সাক্ষ্য দিতে আবার পিলখানায় যান তিনি। তবে সেখানে যাওয়ার পর থেকেই তাঁর ওপর মানসিক চাপ দেওয়া শুরু হয় বলে জানান স্ত্রী শিরীন।
তিনি বলেন, ‘উনি আমাকে সেখান থেকে ফোনে জানাতেন, তাঁর ওপর মানসিক অত্যাচার শুরু হয়েছে। তাঁরা বলতেন, এত কিছু তোমার সাক্ষ্য দেওয়ার দরকার নেই। তুমি বলবে, তুমি কিছুই দেখোনি। কোনো কিছু হওয়ার আগেই বের হয়ে গেছ।’
এরপর এক দিন হঠাৎ ফোনে স্বামীর অসুস্থ হয়ে পড়ার খবর পান শিরীন। জিজ্ঞাসাবাদ চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরই স্ত্রীর সামনে মারা যান সিদ্দিকুর। তবে তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে দাবি শিরীনের।
তিনি বলেন, ‘ডাক্তার এসে বললেন, তাঁর শরীরের সব পচে গেছে। কিন্তু হার্ট অ্যাটাকের কয়েক ঘণ্টার মধ্যে ভেতরের সব অঙ্গ পচে যায় কীভাবে? ডাক্তার বললেন, এ নিয়ে কোনো মন্তব্য করবেন না। আল্লাহর কাছে বিচার দিতে বললেন। আমি নিশ্চিত, আমার স্বামীকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরও সাক্ষীদের রহস্যজনক মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, কমিশন কাজ শুরু করার পর যাঁরা সাক্ষ্য দিতে আসছিলেন, তাঁদের একের পর এক মৃত্যু হচ্ছিল। প্রথমে আত্মহত্যা, পরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা বলা হতো। কমিশনের কার্যক্রম চলার সময়ই এসব ঘটনা ঘটে।
মোয়াজ্জেম নামে এক বিডিআর সদস্যের মৃত্যুর ঘটনাও তদন্ত কমিশনের সদস্যদের সন্দেহের কারণ হয়। হাসান নাসির জানান, ওই সদস্য নিজে কমিশনের সামনে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। তাঁকে পরদিন আসতে বলা হয়। কিন্তু পরদিন পিলখানায় গিয়ে তাঁকে আর পাওয়া যায়নি। পরে ব্যারাকের শৌচাগারে তাঁর মরদেহ পাওয়া যায়।
ঘটনার ১৬ বছর আগের সেই মরদেহ উদ্ধারের ভিডিও ফুটেজও স্টার নিউজের হাতে এসেছে। ফুটেজে ছোট একটি শৌচাগারের ভেন্টিলেটরে কাপড় দিয়ে ঝোলানো অবস্থায় মোয়াজ্জেমের মরদেহ দেখা যায়। হাসান নাসিরের দাবি, মরদেহের অবস্থান দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়নি; বরং তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল।
সাক্ষী ও আসামিদের জিজ্ঞাসাবাদের নামে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল) এবং মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নেওয়ার পর তাঁদের অনেকের আর খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন হাসান নাসির। তিনি জানান, আদালতে জবানবন্দি দেওয়ার সময়ও র্যাবের সদস্যরা এসে আসামিদের নিয়ে যেতেন। এতে সাক্ষ্য গ্রহণ বাধাগ্রস্ত হতো বলে মনে করেন তিনি।
তবে এসব গুম ও হত্যার নেপথ্যে কারা ছিলেন, তা নিয়ে অনুসন্ধানে সরকারি বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার আর্কাইভ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছে স্টার নিউজ। সেসব নথির মধ্যে ইমরুল কায়েস নামে এক ব্যক্তির জবানবন্দিতে বিডিআর বিদ্রোহের সাক্ষীদের হত্যার বিষয়ে বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে।
জবানবন্দিতে ইমরুল কায়েস জানান, সাক্ষীদের দুইভাবে হত্যা করা হতো—ইনজেকশন দিয়ে অথবা হত্যা করে নদীতে ভাসিয়ে। তাঁর বর্ণনা অনুযায়ী, আটক ব্যক্তিদের পোস্তগোলা আর্মি ক্যাম্প থেকে বুড়িগঙ্গা নদীতে নেওয়া হতো। সেখানে মাথায় গুলি করে হত্যার পর পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো। ২০১০ সালে এভাবে অন্তত ১২ জন বিডিআর সদস্যকে গুম করা হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
ইমরুল কায়েসের জবানবন্দিতে এসব ঘটনার নেতৃত্বে তৎকালীন র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক জিয়াউল আহসানের নাম উঠে এসেছে। জবানবন্দি দেওয়া ইমরুল নিজেকে জিয়াউল আহসানের দেহরক্ষী হিসেবেও পরিচয় দিয়েছেন।
এ বিষয়ে স্টার নিউজের সঙ্গে কথা বলেছেন র্যাবের গোয়েন্দা শাখায় জিয়াউল আহসানের সঙ্গে কাজ করা এক সাবেক কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রেখে তিনি জানান, বিডিআর সদস্যদের ধরে নিয়ে গুম করার সময় তিনি সংশ্লিষ্ট দলের সদস্য ছিলেন। কয়েকবার জিয়াউল আহসানের সঙ্গে গিয়ে তিনি নিজেও হত্যার ঘটনা দেখেছেন। ওই কর্মকর্তা বলেন, জিয়াউল আহসান নিজেই গুলি করতেন। তাঁর নির্দেশ অমান্য করার সাহস কারও ছিল না।
বিডিআর সদস্য নজরুল ইসলামকে গুমের ঘটনাতেও জিয়াউল আহসানের নাম এসেছে। ২০২৫ সালের নভেম্বরে স্টার নিউজের ‘গুমচর’ অনুসন্ধানী প্রতিবেদনে নজরুল ইসলামকে গুমের পর হত্যা করে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদে ফেলে দেওয়ার তথ্য উঠে আসে।
নজরুলের নিখোঁজ হওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন বিজিবির সাবেক জোনাল ফিল্ড সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত মেজর একরামুল হক খান। তাঁর ভাষ্য, নজরুলকে র্যাব তুলে নেওয়ার খবর পাওয়ার পর তিনি জিয়াউল আহসানকে তাঁর বিষয়ে জিজ্ঞাসা করেন। জবাবে জিয়াউল তাঁকে বলেন, নজরুলকে আর খুঁজতে হবে না; সে ‘মাছের পেটে’।
একরামুল হক খান জানান, পরে জিয়াউল আহসান তাঁকে জানিয়েছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এসব বিষয়ে জানতেন। তাঁদের নির্দেশেই তিনি কাজ করতেন বলেও জিয়াউল জানিয়েছিলেন বলে দাবি করেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।
বিডিআর বিদ্রোহের পর বিজিবির প্রথম মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন মেজর জেনারেল মইনুল ইসলাম। তাঁর সঙ্গে যোগাযোগ করে এসব অভিযোগের বিষয়ে জানতে চায় স্টার নিউজ। তবে তিনি ফোনে বলেন, এসব ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই; পুলিশ ও সিআইডি বিষয়গুলো দেখেছে।
অন্যদিকে, তদন্ত কমিশনের সদস্য হাসান নাসির জানান, সে সময় বিজিবির মহাপরিচালক সাক্ষীদের তালিকা করে র্যাবের কাছে হস্তান্তর করেছিলেন। তাঁর দাবি, পিলখানার সদর দপ্তরের দায়িত্বে থাকা বিজিবির তৎকালীন প্রধানের এসব ঘটনা সম্পর্কে জানার কথা।
সাক্ষ্য দিতে গিয়ে মারা যাওয়া পিলখানা মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরীনও ১৬ বছর ধরে স্বামীর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন বয়ে বেড়াচ্ছেন। তাঁর দাবি, স্বামীর অস্বাভাবিক মৃত্যুর সন্দেহের কথা সন্তানদের কাছেও প্রকাশ করেননি। কারণ, এ বিষয়ে মুখ খুললে তাঁদেরও গুম করা হতে পারে বলে আশঙ্কা করতেন তিনি।
শুধু বিডিআর বিদ্রোহের সাক্ষী বা আসামিরাই নন, ওই সময় আরও কয়েকজন নিখোঁজ হন বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাঁদের একজন চট্টগ্রামের সাতকানিয়ার বিশ্বমিত্র বড়ুয়া। তিনি বিডিআরের ব্রাহ্মণবাড়িয়া ব্যাটালিয়নে চাকরি করতেন। পরিবারের দাবি, পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সময় তিনি ছুটিতে বাড়িতে ছিলেন। বিদ্রোহের পর পরিস্থিতি বিবেচনায় আর চাকরিতে যোগ দেননি। পরিবারের আশঙ্কা, চাকরিতে ফিরে না যাওয়ার কারণেই তাঁকে গুম করা হয়ে থাকতে পারে।
বিশ্বমিত্রের মা দিপালি বড়ুয়া ১৭ বছর ধরে ছেলের অপেক্ষায় আছেন। এখনো ছেলের ফিরে আসার আশা ছাড়েননি তিনি। তবে তাঁর ছেলে কেন নিখোঁজ হলেন, কারা তাঁকে তুলে নিয়ে গেল এবং তিনি কোথায় আছেন—এসব প্রশ্নের উত্তর আজও পাননি পরিবারের সদস্যরা।
পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবার যেমন হত্যাকাণ্ডের বিচার চায়, তেমনি বিডিআর বিদ্রোহের পর গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে।
স্টার নিউজের অনুসন্ধানে উঠে আসা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও নথি গুরুত্বপূর্ণ হলেও, বিডিআর বিদ্রোহের সাক্ষীদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ রহস্য এখনো উন্মোচিত হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা ও নির্দেশদাতাদের পরিচয় জানতে হলে এসব সাক্ষী ও আসামির গুম-খুনের ঘটনাগুলোরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন