শুধু মুখের কথায় মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে স্বামীকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর
কারা নির্যাতিত জুলাই আন্দোলনের সৈনিক ও জাতীয়তাবাদী যুবদল নেতা মো. সোনা আলমের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ছমিরা আক্তার।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মরিচ্যা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,”আমার স্বামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মাদক মামলায় জড়িয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। অথচ মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ছমিরা আক্তারের দাবি, তার স্বামী মরিচ্যা বাজারের একজন সৎ ব্যবসায়ী এবং যুবদলের স্থানীয় নেতা। রাজনৈতিক প্রতিহিংসা ও একটি অসৎ চক্রের ষড়যন্ত্রে তাকে মামলায় জড়ানো হয়েছে। এ মামলার মূল আসামী একজন নারী মাদক ব্যবসায়ী হলেও ষড়যন্ত্র করে তার স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিহিংসার জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু হলুদ মিডিয়ায় তার স্বামীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাদের পরিবারের মানহানি ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করছে বলে সংবাদ সম্মেলনে জানায়। সংবাদ সম্মেলনে তিনি মামলা প্রত্যাহার, স্বামীর নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপপ্রচার বন্ধ করতে চার দফা দাবি জানান এবং দাবি আদায় না হলে মানববন্ধনসহ পরবর্তী কর্মসূচি ও আইনি প্রতিকার গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তদন্তপূর্বক ন্যায়বিচারের ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে সংবাদকর্মীদের প্রতি তিনি সঠিক তথ্য প্রচারের অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন