খুঁজুন
, ,

হাসিনাকে ফেরাতে এবার আরেক সীমান্তে আওয়ামী লীগ নেতারা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
হাসিনাকে ফেরাতে এবার আরেক সীমান্তে আওয়ামী লীগ নেতারা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সফর করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তারা বাংলাদেশ-ভারত সীমান্তের আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। বাংলাদেশের অংশে এই স্থলবন্দরটি আখাউড়া স্থলবন্দর নামে পরিচিত।

কলকাতা থেকে এশিয়া পোস্টের প্রতিনিধি জানান, বুধবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিমানে করে আগরতলা গেছেন। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাদের একটি প্রতিনিধিদল ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তসহ বিকল্প পথগুলো খতিয়ে দেখছেন।

এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পথ খুঁজতে গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ক্রসিং পরিদর্শনে যান তার দলের শীর্ষস্থানীয় চারজন নেতা। বাংলাদেশ অংশে এই সীমান্ত ক্রসিংয়ের নাম বেনাপোল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

এই ঘটনাটি বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এশিয়া পোস্ট নিশ্চিত হয় যে, ওই প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

আওয়ামী লীগের নেতারা সেদিন সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে রওনা হন। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন নেতারা। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি আগরতলা-আখাউড়া সীমান্ত পারাপারসহ ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশের বিকল্প পথগুলো খতিয়ে দেখতে পারে। এ জন্য মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তে যাওয়ার পথটিও তারা পর্যালোচনা করবেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। অন্যদিকে, ওই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পৃথক একটি মামলায় বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’ বলে মন্তব‌্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব‌্য করেন তি‌নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দে‌শে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’

শেখ হা‌সিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উল্লেখ করে হুমায়ুন ক‌বির বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’

পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করতে হচ্ছে—তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

প্রত্যর্পণের মাধ্যমে শেখ হা‌সিনা‌কে ফেরানো নিয়ে দুই দে‌শের আলোচনার প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি।

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ নেতার দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ তার বাসায় হাজির হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান থানার একজন এসআই গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপি জানায়, নড়াইল সদর থানায় ২০১৮ সালের ১১ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। এর বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত তিনটি ধারায় অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে করা এমন একটি মামলায় বর্তমান সময়ে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ বাসায় যাওয়ার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করে দলটি।

এনসিপির বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা করা হয়েছিল। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করেন।
এসব মামলার একাধিকটির রায়ও হয়েছে। সাজা ভোগ করতে হয়েছে মাহমুদুর রহমানকে। বিনা বিচারে দুই দফায় দীর্ঘ সময় কারাগারেও থাকতে হয়েছে তাকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় তাকে।

দলটির দাবি, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার মিলিয়ে ২৮ মাস পার হয়েছে। এর মধ্যে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন। এরপরও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে করা মামলাগুলো কীভাবে এখনো চলমান রয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এনসিপি অবিলম্বে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশবরেণ্য সাংবাদিক ও সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নেপথ্যে কারা জড়িত, তা তদন্ত করে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।

চট্টগ্রামের সাবেক ডিসিসহ তিনজনকে মারধর, তুলে দেওয়া হলো পুলিশের হাতে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামের সাবেক ডিসিসহ তিনজনকে মারধর, তুলে দেওয়া হলো পুলিশের হাতে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এবং চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের হেফাজতে নিয়ে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

আটক অন্য ব্যক্তি হলেন সুফি মো. আল মামুন, যিনি পেশায় একজন আইনজীবী। আটকের পর তাঁদের শারীরিক নির্যাতন ও লাঞ্ছিত করার একাধিক ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, লালমাটিয়া এলাকার একটি স্থানে শাখাওয়াত মুনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন।

ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা শাখাওয়াত মুনের কাছে জানতে চাওয়া হচ্ছে। জবাবে মুন জানান, সরকার পরিবর্তনের পর তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আছেন এবং কোনো ধরনের নাশকতার সঙ্গে জড়িত নন। এ সময় এক ব্যক্তি তাঁর গালে চড় মারেন। পরবর্তীতে তাঁকে প্রকাশ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে পুলিশের ভ্যানে তোলার পরও কয়েকজন তাঁর ওপর চড়াও হয়ে মারধর করছেন। এ সময় উপস্থিত কাউকে কাউকে ‘মারধর না করার’ জন্য বলতে শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেখানে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ওই তিনজনকে লালমাটিয়ার একটি রেস্তোরাঁ থেকে চিহ্নিত করে আটকে রাখেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এজাহারভুক্ত আসামি।