দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী জেসমিন
একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। তবে কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নারীর ক্ষেত্রে ঘটেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। সব মিলিয়ে চার সন্তানের মা হয়েছেন জেসমিন বিবি (২৬)। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
জেসমিন বিবি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের এ-১ এলাকার বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী হন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। গত ১৩ নভেম্বর রাতে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবে একটি শিশুর জন্ম হয়।
এরপর গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন শিশুর। এ নিয়ে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দেন জেসমিন।
ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার শিশুর জন্ম সম্পন্ন হয়েছে।
####

আপনার মতামত লিখুন