খুঁজুন
, ,

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি নেতারা।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই থেকে তিনজন অজ্ঞাতয় যুবক বিএনপির ওই কার্যালয়ে আগুন দিচ্ছেন। আগুনে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা-পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী জেসমিন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী জেসমিন

একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। তবে কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নারীর ক্ষেত্রে ঘটেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। সব মিলিয়ে চার সন্তানের মা হয়েছেন জেসমিন বিবি (২৬)। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
জেসমিন বিবি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের এ-১ এলাকার বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী হন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। গত ১৩ নভেম্বর রাতে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবে একটি শিশুর জন্ম হয়।

এরপর গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন শিশুর। এ নিয়ে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দেন জেসমিন।

ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার শিশুর জন্ম সম্পন্ন হয়েছে।
####

ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ওসি মতিউর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও তিন যুবক। এসময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকী তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উদ্ধার করা হয়।

ফাঁসির কাষ্ঠ ছাড়া শেখ হাসিনার সামনে কোনো পথ খোলা নেই

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
ফাঁসির কাষ্ঠ ছাড়া শেখ হাসিনার সামনে কোনো পথ খোলা নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, ভারতের মাটিতে বসে আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের প্রতি আহ্বান বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করুন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের উসকানি ও দেশকে অস্থিতিশীল করার সুযোগ করে দিলে বাংলাদেশের মানুষ কখনো ভারতকে গ্রহণ করবে না।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধেরপাড়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ভারত সরকার হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীদের ভারতে আশ্রয় দিয়েছে। সেই সব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকর করতে সরকারকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার বিষয়টি শেখ হাসিনার সঙ্গে আলাপ-আলোচনার বিষয় নয়। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

এনসিপির সদস্য সচিব বলেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছেন। তারা বাংলাদেশে আসবে আসবে বলে বিভিন্ন ধরনের কথা বলছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গর্ব করে বলেছিলেন “শেখ হাসিনা পালায় না”, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা আসার যে কথা বলছেন, সেই কথা বলেও তিনি আসবেন না। কারণ শেখ হাসিনা আসলে একটাই পথ ফাঁসির কাষ্ঠ। ফাঁসির দিকে অগ্রসর হওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। শেখ হাসিনা গণহত্যা চালিয়ে যে মানবতাবিরোধী অপরাধ করেছেন, দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না।

আখতার হোসেন বলেন, দেশের সম-সাময়িক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এনসিপির একটি প্রতিনিধি দল। চব্বিশের অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গেছে এনসিপি। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে এখনো এনসিপি কাজ করবে। দেশকে গঠন করতে হলে আওয়ামী সন্ত্রাসী ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জায়গায় থেকে এনসিপি ঐক্যের কথা বলেছে এবং রূপরেখা প্রদানের জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, দেশের আপামর জনতার দাবি আছে, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। তিনি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলে দেশের জনগণ উপকৃত হবে। সরকারের কাছে আহ্বান জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়া দাঁড় করানো, গঙ্গা চুক্তি নবায়ন, একইসঙ্গে জুলাই যোদ্ধাদের পুর্নবাসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

এরপর আখতার হোসেন কাউনিয়া ডিসি ডব্লিউ ডিবি বাঁধ সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করেন। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।