৭৫ বছরের বৃদ্ধের ৮০ হাজার টাকা আত্মসাৎ! খতিয়ান নেই, টাকা চাইতে গিয়ে মারধরের চেষ্টা
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। হাতে লাঠি, চোখেমুখে অসহায়ত্ব। অথচ এই বয়সেও নিজের জমির একটি খতিয়ানের জন্য দুই বছর ধরে ঘুরছেন উখিয়ার বড় ইনানী গ্রামের এখলাচুর রহমান (৭৫)। অভিযোগ, খতিয়ান করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু আজও মেলেনি খতিয়ান। এবার পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার মুখেও পড়েছেন তিনি।
এখলাচুর রহমান জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের মৃত জালাল আহমদের ছেলে। প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করতে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। অভিযোগ, আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে কম খরচে দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দেন। পরে তাঁকে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যাওয়া হয়।
প্রথমে দেড় লাখ টাকা দাবি করা হলেও দরদাম শেষে ৮০ হাজার টাকায় চুক্তি হয়। বৃদ্ধের অভিযোগ, প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে পুরো ৮০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। এরপর শুরু হয় আজ-কাল করে ঘোরানোর পালা। দুই বছরেও হয়নি খতিয়ান।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি নিজেই জানান, প্রতিটি খতিয়ানের জন্য ৮০ হাজার টাকা নেন। শুধু তাই নয়, তাঁর ভাষ্য অনুযায়ী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর নিয়ন্ত্রণে।
প্রশ্ন উঠেছে, একজন বহিরাগত ব্যক্তি কীভাবে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণের দাবি করেন? তাঁর এই দাবির পেছনে কি কোনো বাস্তব যোগসূত্র রয়েছে? নাকি সরকারি অফিসের নাম ব্যবহার করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট?
উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে ভূমিসেবা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, চুক্তির মাধ্যমে এসব দোকান থেকে খতিয়ানসহ বিভিন্ন কাজ করানো হয়। অফিসের ভেতরের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগত দালালদের যোগসাজশের অভিযোগও রয়েছে। এখলাচুর রহমানের ঘটনাটি সেই অভিযোগকে নতুন করে সামনে এনেছে।

আপনার মতামত লিখুন