খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মনজুর এখন হাটহাজারীর ওসি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার ফোনে প্রত্যাহার হওয়া মনজুর এখন হাটহাজারীর ওসি
শেয়ার করুন

চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়া থানা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে প্রত্যাহার হওয়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এর আগের দিন তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসপি কার্যালয়ে যোগ দেন।

এর আগে চকরিয়া থানার ওসি থাকাকালে মনজুর কাদেরের বিরুদ্ধে থানায় আটকে রেখে নির্যাতন ও নারীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে।

গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন স্থানীয় এক সাংবাদিক। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এর পরদিনই চকরিয়া থেকে উখিয়া থানায় বদলির আদেশ হয়। তবে এই বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে মনজুর কাদেরকে উখিয়ায় না পাঠিয়ে রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করছে পুলিশের বিভিন্ন সংস্থা। ২০১৩ সালে কক্সবাজারের ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন মনজুর কাদের ভূঁইয়া। ওই বছরের ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী মামলায় মাওলানা দেলাওয়ার সাঈদীর মামলায় রায়ের প্রতিবাদে ঈদগাঁও বাজারে স্থানীয়রা মিছিল বের করে। এতে ঘটনাস্থলে নিহত হন রশিদ আহমদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম আসামি মনজুর কাদের।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন ছুটিতে পাঠানো হয়। একইদিন রাতে তাঁর অনুপস্থিতিতে থানার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। এতে উভয়পক্ষের ২ শত আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।