খুঁজুন
, ,

শাপলা চত্বরের আলেমদের রক্তের সিঁড়ি বেয়েই ২০২৪ এর গণঅভ্যুত্থানের সফলতা: সালাহউদ্দিন আহমেদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
শাপলা চত্বরের আলেমদের রক্তের সিঁড়ি বেয়েই ২০২৪ এর গণঅভ্যুত্থানের সফলতা: সালাহউদ্দিন আহমেদ
শেয়ার করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের চার রাহবার সম্পর্কে বলেন, উনাদের অনুসরণ করতে পারলেই আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকব। প্রত্যেক নামাজের পরে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।

কুরআনে সুলাহা-নেককারদের অনুসরণ করতে বলা হয়েছে। সুলাহাদের প্রথম স্তরই হলো সাহাবায়ে কেরাম। এখন কোনো দল যদি বলে ও মনে করে, সাহাবারা সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই বিভ্রান্ত।

আল্লামা বাবুনগরী বলেন, আমরা যদি হেদায়েত পেতে চাই তা’হলে নবী (সা.) এবং সাহাবায়ে কেরামের তরিকায় চলতে হবে। তা’ না হলে জাহান্নাম ছাড়া পথ নেই। নবী (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। এদের মধ্যে একমাত্র একটি দল জান্নাতে যাবে। বাকি সবাই জাহান্নামে যাবে। নবী (সা.) বলেন আমি যে তরিকায় এবং সাহাবায়ে কেরাম যে তরিকা অনুসরণ করবে তারা জান্নাতে যাবেন। যারা সাহাবায়ে কেরামের তরিকা না মেনে বেয়াদবি করছে তারা পথভ্রষ্ট। এদের সর্ম্পকে সর্তক থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে হেফাজতের চার রাহবার-আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.), আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.), আল্লামা নূরুল ইসলাম জিহাদী (রহ.) নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

 

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরের আলেমদের রক্তের সিঁড়ি বেয়েই ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই সফলতা একক কারোর কৃতিত্ব নয়। সারা দেশের সকল শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম আত্মত্যাগের মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এক দল একক কৃতিত্ব নিতে চায়, তারা ঐক্য নষ্ট করতে চায়।ইসলামপন্থীদের ত্রয়োদশ নির্বাচনে এক বাক্স হবে এই বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ। যারা ইসলামপন্থীদের একবাক্স করতে চায়। এটা রাজনৈতিক বাক্স। ইসলামের নামে দোছরা নির্বাচনী বাক্স কোথায় পেলেন। আমরা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি। আমরাও তো মুসলমান।

 

বিএনপি নেতা বলেন, এদেশের মসজিদের ইমাম ৯০ ভাগ কওমি আলেম। যারা মসজিদের ইমামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চায়, তারা বিভক্তির রাজনীতি করছে। আমাদের বিভক্ত করতে পারলে কাদের লাভ? তিনি বলেন, নবী (সা.) বাণী শুনলাম হাশরের ময়দানে ৭৩ দলের মধ্যে একমাত্র ১টি দলই জান্নাতে যাবে। বাকিরা জাহান্নামে যাবে। বিএনপি নেতা বলেন, আলেমদের পরামর্শেই জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছেন। তাই বিএনপিকে ইসলামবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

 

এ সময় তিনি পার্শবর্তী দেশের যে কোনো ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে আগামী দিনের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর চলতে দেওয়া হবে না। ভারতকে আওয়ামী লীগের প্রভু দাবী করে তিনি বলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে।

তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হবে দিল্লিতে। যাদের প্রভু দেশের বাহিরে, সেখানেই তাদের দাফন হবে। এসময় তিনি শাহবাগের ঘটনাকে নাস্তিক-মুরতাদদের নেতৃত্বে বিদেশী প্রযোজনায় মঞ্চস্থ এক নাটক আখ্যায়িত করে বলেন, হেফাজতে ইসলাম এই নাস্তিক-মুরতাদদেরর বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল।

 

তিনি হেফাজতকে বাংলাদেশের মুসলিম সমাজকে নিয়ন্ত্রণকারী প্রভাবক শক্তি হিসেবে উল্লেখ করেন।

 

আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপরে চলা নির্মম নির্যাতনের বিবরণ দিয়ে বিএনপি নেতা বলেন, সরকারের বিভিন্ন প্রলোভন সত্ত্বেও তিনি সরকারের সামনে মাথা নত করেননি। তাদের প্রস্তাবকে তিনি উপেক্ষা করে আপোসহীনভাবে নিজেকে উপস্থাপন করেছেন। আমাদেরও তার অনুসরণ করতে হবে।শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এবং মাওলানা আতাউল্লাহ আমিন, সাধারণ সম্পাদক হাসান জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক ও আল আবিদ শাকিরের যৌথ পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

 

জাতীয় কনফারেন্সে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক মাওলানা জসিমউদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হুসাইন, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাও. সাখাওয়াত হোসাইন রাজি, জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম নরসিংদীর মুহতামিম মাওলানা ইসমাইল নুরপুরী, আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা নাসিরুদ্দীন মুনির।

 

কনফারেন্সে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমরাই রক্ত দিয়ে তাদের তাড়িয়েছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই পাকিস্তানের স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান রেখেছেন।

 

তিনি বলেন, ৭১- স্বাধীনতা যুদ্ধে কওমি ঘরানার আলেম ওলামারা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতার ৫৪ বছর পর স্বাধীনতার পক্ষে-বিপক্ষের বিভক্তি জাতি দেখতে চায় না। আমরা ঐক্য চাই বিভক্তি চাই না। তিনি বলেন, সকল ফ্যাসিবাদ বিরোধীর ঐক্য হতে হবে। তিনি বলেন, আমরা এমন কোনো নজির রাখতে চাই না যেটা কিছু দিন পার আর টিকবে না। সকল সমস্যা আলোচনার টেবিলেই সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, ৯০% মুসলমানের দেশে হেফাজতে ইসলাম দ্বীনের রাহাবারের দায়িত্ব পালন করছে। যারাই আগামী দিনে ক্ষমতায় আসবে তাদেরকেই আপনারা সঠিক পরামর্শ দিবেন। এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী, মাখজানুল উলূম মাদরাসা, খিলগাঁওয়ের মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম, যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, জামিআতুল মানহাল উত্তরার মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি সাঈদ নুর পীর সাহেব মানিকগঞ্জ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত মুফতি আশরাফুজ্জামান, ব্যাংক কলোনী মাদরাসা সাভারের মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হেলাল উদ্দীন, বনানী টিএন্ডটি কলোনি মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ওয়াজেদ আলী, আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)এর সাহেবজাদা মাওলানা জাবের কাসেমী, আল্লামা নূরুল ইসলাম জিহাদী সাহেবজাদা মাওলানা খালেদ বিন নূর , আল্লামা জুনায়েদ বাবুনগরীর জামাতা মাওলানা আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুরের খতীব মুফতি আবদুল্লাহ ফিরোজী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, গুলিস্তানস্থ পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারি সিরাজী, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা মুহসিনুল হাসান, শাপলা স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী , শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মুফতি মোহাম্মাদুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরীফ হুসাইন, কেন্দ্রীয় সদস্য মাওলানা এহতেশামুল হক নোমান, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মাওলানা মুবাশ্বির আহমাদ, মাওলানা তাওকির আহমাদ, গাজীপুর জোন আহ্বায়ক মাওলানা মাসুদুর রহমান, সাভার জোন আহ্বায়ক মাওলানা ফারুক আহমেদ, সদস্য সচিব মাওলানা মাহফুজ হায়দার সদস্য সচিব, গুলশান-বাড্ডা জোন সদস্য সচিব মাওলানা মুনির হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজি, শায়খুল হাদীস পরিষদ যাত্রাবাড়ি জোন আহ্বায়ক মাওলানা উজায়ের আমীন, কুমিল্লা জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ, ফরিদপুর জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ মোস্তফা, নরসিংদী জোন সদস্য সচিব মাওলানা ওয়ালিউল্লাহ , ভৈরব জোন যুগ্ম-আহ্বায়ক মাওলানা আল আমিন , মোহাম্মদপুর জোন সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান মিসবাহ।

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর
শেয়ার করুন

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের ঘোর বিরোধিতা করে আদালতে যুক্তি উপস্থাপন করা হয় যে, আসামি এই মুহূর্তে জামিনে মুক্তি পেলে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হতে পারে এবং সমাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করে দেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, আসামির অতীতে কোনো অপরাধের রেকর্ড বা পূর্ববর্তী মামলা নেই। এছাড়া তার দাবি, মামলার অভিযোগগুলো মিথ্যা এবং ঘটনার পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই। এসব যুক্তি তুলে ধরেই তারা জামিনের আবেদন করেছিলেন।

 

এদিকে ঘটনাটির জের ধরে দায়ের হওয়া পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে বলে সতর্ক করেছে পুলিশ। উভয় মামলার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার গুজব থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির বাবাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন তিনি।

 

রোববার সকালে জিএমপি ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে পরিচালিত ‘জিএমপি মিডিয়া’ নামের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের একটি সংবাদের প্রেক্ষিতে তিনি এসব তথ্য জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র ভেতরে প্রথম শ্রেণির ছয় বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেহ উদ্দিনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

তবে এর পরপরই ঘটনাটি নতুন দিকে মোড় নেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী পাল্টা অভিযোগ তোলেন যে, ঘটনার পর একদল লোক মাদ্রাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি ভুক্তভোগী শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

 

পাল্টা এই মামলার পর ‘শিশুটির বাবাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ’—এমন খবর কিছু গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে তৈরি হয় চাঞ্চল্য। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে, মামলার তদন্ত আইনি নিয়ম মেনেই এগোচ্ছে এবং কোনো পক্ষকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে না।

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল উপহার
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আয়োজনে এসব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, যার মধ্যে অংশ নিয়েছিল ৫৪৮ জন ছাত্রী। মোট ১০২টি শিক্ষার্থী প্রতিষ্ঠানের ৫৪৮জনকে ডেকে নিয়ে বাইসাইকেল উপহার দিচ্ছি।

এছাড়া যে প্রতিষ্ঠানে এই বাইসাইকেল প্রদানের আয়োজন করা হয়, তাদেরসহ প্রায় এক হাজার শিক্ষার্থীদের জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হন। কেউ কেউ স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করেন।

ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ঝোঁপঝাড়ে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন
শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড়ে ফেলে যাওয়া এক নবজাত কন্যাশিশুকে দত্তক নিতে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে এক দিনেই ১২৩টি আবেদন জমা পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সামর্থ্য, শিশুর পরিচর্যার সক্ষমতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে উপযুক্ত পরিবার নির্বাচনের প্রক্রিয়া চলছে। তবে, আবেদন করলেই শিশুটিকে দত্তক নেওয়ার সুযোগ মিলবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে দত্তক নিতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। উপযুক্ত পরিবার নির্বাচনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার আমতলীতে সড়কের পাশের ঝোঁপঝাড় থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন শিশুটিকে ঝোঁপের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল।তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত পরিবার নির্বাচনের পাশাপাশি তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।