আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে: বিশ্ব নেতাদের বললেন ড. ইউনূস
বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বলে বিশ্ব নেতাদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।
ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে বৈশ্বিক শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে মিটিং করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী নিয়ে আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান বিশেষভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কয়েক বছর আগে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
পরে প্রফেসর ইউনূস নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন। রানি ম্যাক্সিমা জাতিসংঘ মহাসচিবের Inclusive Finance for Development বিষয়ক বিশেষ দূতও বটে। বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, বিশেষ করে গ্লোবাল সাউথে এর প্রবেশাধিকার বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
তারা আর্থিক খাতে উদ্ভাবন—যেমন জীবন ও স্বাস্থ্যবিমা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিম—এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস মাতৃস্বাস্থ্যসেবায় বিশেষভাবে ঋণপ্রাপ্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি প্রস্তাব দেন, গ্রামীণ নারীদের ডিজিটাল স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত করা হলে অগণিত জীবন বাঁচানো সম্ভব হবে।
বৈঠকে তিনি বৈশ্বিক ওষুধশিল্পের পুনর্গঠনের আহ্বান জানান এবং অধিক সংখ্যক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসা হিসেবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
ড. ইউনূস বলেন, “সামাজিক ব্যবসা ভিত্তিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিন সবসময় সাশ্রয়ী থাকবে।”
তিনি রানী ম্যাক্সিমাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেদারল্যান্ডসের রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।
পরে ড. ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে যৌথ অগ্রাধিকারমূলক বিষয় ও সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
দিনের শেষ দিকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করেন। একটি ছিল Fashion for Development, অন্যটি ছিল সামাজিক উদ্ভাবনে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা বিষয়ক আলোচনা।

আপনার মতামত লিখুন