ছাত্রলীগ নেতার নেতৃত্বে ছুরিকাঘাতে প্রাণ গেল জামায়াত নেতার
ছাত্রলীগ নেতার নেতৃত্বে ছুরিকাঘাতে প্রাণ গেল জামায়াত নেতার
মোহাম্মদ আরাফাত
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, কক্সবাজার জেলা শাখার অন্তর্গত চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল বাজার ইউনিটের যুব বিভাগের সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেনকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করেছে ছাত্রলীগ নেতা রাফি ও তার সহযোগী সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে নতুন মহাল বাজার এলাকায় ওঁৎ পেতে থাকা রাফি ও তার সহযোগীরা হাফেজ আমজাদকে একটি দোকানে ডেকে নেয়। কিছুক্ষণ পর পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় তারা। ধারালো ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আমজাদ। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাফেজ আমজাদ ছিলেন পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করে কয়েকদিন আগে দেশে ফেরেন তিনি। গ্রামে ফিরেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় চিহ্নিত প্রতিপক্ষের টার্গেটে পরিণত হন বলে ধারণা করছে স্থানীয়রা।
তার লাশ হাসপাতালে পৌঁছালে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভেঙে পড়ে হাসপাতাল চত্বর। মা-বাবা আর ভাইবোনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এ ঘটনার প্রতিবাদে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে—ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হাফেজ আমজাদ হোসেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় নেতারা একে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন।

আপনার মতামত লিখুন