রামুতে বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রামু থানা পুলিশ-এর বিশেষ অভিযানে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ ভোররাত আনুমানিক ৪:০০টায় রামু থানা পুলিশের একটি আভিযানিক দল অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারি একটি নম্বরবিহীন পিকআপ (ডাম্প ট্রাক)যোগে বিপুল পরিমাণ ইয়াবা মরিচ্যা এলাকা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে পাচারের চেষ্টা করছে।সংবাদের সত্যতা যাচাই ও অভিযুক্তদের আটকের লক্ষ্যে সকাল আনুমানিক ৭:৩০টায় রামু থানাধীন শিকলঘাটা ব্রিজের প্রায় ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করা হয়।
সকাল আনুমানিক ৯:১৫টায় রামু বাইপাসগামী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। তবে চালক সংকেত উপেক্ষা করে বেপরোয়া গতিতে চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ দ্রুত পিকআপটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে পিকআপটি রামু থানাধীন ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে থামে। গাড়ি থেকে ৩-৪ জন ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ হারুন (২৯)। তার পিতা হোসেন আহমদ ও মাতা রশিদা বেগম। তার বাড়ি পূর্ব দারিয়ারদিঘী, ম ১নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০,০০০ পিস করে মোট ১,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ জব্দতালিকামূলে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন