প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন- এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। মো. ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে এসেছেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধ্বস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেবো। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। সবাই মিলে বাংলাদেশকে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিণত করবো।
একটা উদার গণতান্ত্রিক এবং সমৃদ্ধ-জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়বো জানিয়ে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আমরা সবাই মিলে একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। যে ইশতিহার ও অঙ্গীকার করে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এখন শুধু বিএনপি নয়, সবদল একত্রিত হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবো, এটিই আমাদের লক্ষ্য।
বিএনপি-ধানের শীষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এটি হচ্ছে আমাদের মূল পরিচয়, মূল বক্তব্য। নির্বাচনের আগে পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, জনগণ অকৃপণভাবে আমাদের ভোট দিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের সাংঘাতিক দায়ভার আছে। দায়বদ্ধতা ও জবাবদিহিতা অনেক। সেগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
এসময় লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টাকে।

আপনার মতামত লিখুন