খুঁজুন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র, ১৪৩২

চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
চাল কম দেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা
শেয়ার করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজপোর্টাল বাংলা এডিশনের স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন অভিযুক্ত ইউপি প্যানেল চেয়ারম্যান।

 

 

ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

গত শুক্রবার (১৩ মার্চ) নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ‘বাংলা এডিশন’-এর অনলাইন বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারিভাবে প্রতি কার্ডধারীর জন্য ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, একটি নির্দিষ্ট বালতি দিয়ে চাল মাপার সময় সেখান থেকে হাত দিয়ে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে। পরবর্তীতে সুবিধাভোগীরা চাল মেপে দেখেন, তা প্রায় সাড়ে ৮ কেজি হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ব্যক্তি।

 

 

প্রতিবেদন সংবাদটি প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) রাশিদুল ইসলাম ফকির ওই সংবাদকে ‘অপপ্রচার’ অ্যাখ্যা দিয়ে ভূঞাপুর থানায় সাংবাদিক আতিফ রাসেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে অ্যাখ্যা দিয়ে রাশিদুল ইসলাম দিলীপ বলেন, চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

সাংবাদিক আতিফ রাসেল বলেন, সরেজমিনে গিয়ে ভিজিএফের চাল পাওয়া সুবিধাভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। যার সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে।

 

ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন এমনকি তা গ্রহণও করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
নামাজ পড়তে যাওয়ার পথে উখিয়ায় বিএনপি কর্মীকে হত্যার উদ্যোশ্যে হামলা – দাবি পরিবারের
শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় এক যুবদল নেতার ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কুপিয়ে ও আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ আলম ও তার ছেলে ছাত্রলীগ নেতা নিশান সহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে।

 

সোমবার ( ১৬ মার্চ ২৬) আসরের নামাজের পর তাজনিরমারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত ব্যক্তি আব্দুস সালাম বাবু, যিনি স্থানীয় পালংখালী ইউনিয়ন যুবদল সহসভাপতি বলে জানা গেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো আব্দুস সালাম বাবু মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথিমধ্যে তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

 

আহত আব্দুস সালাম বাবুর দাবি, হামলায় নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ আলম তার ছেলে ছাত্রলীগ নেতা নিশান। এ সময় তার সঙ্গে সোহেল, রুবেল, শাহা আলম, এবং নিশানের শশুর গফুরসহ আরও কয়েকজন অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পালংখালী ইউনিয়নের থাইংখালী- তাজনিমারখোলা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে শেখ আলমের পরিবার। তাদের বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ নানা ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে কিছুদিন আগে এলাকাবাসী মানববন্ধনও করেন বলে জানা গেছে।

 

এলাকাবাসীর দাবি, সেই মানববন্ধনে যুবদল নেতা আব্দুস সালাম বাবু প্রকাশ্যে এলাকাবাসীর পক্ষে সমর্থন জানান এবং শেখ আলম পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন। এর জের ধরেই তার ওপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, এর আগে আব্দুস সালাম বাবু উখিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযোগের পরও তিনি হামলা থেকে রেহাই পাননি বলে দাবি পরিবারের সদস্যদের।

 

এ বিষয়ে জানতে অভিযুক্ত শেখ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে নিশান এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাদের পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

অন্যদিকে উখিয়া থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনার বিষয়ে তারা অবগত নন। থানার পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার প্রতিবাদে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শেখ আলমের পরিবারের সদস্যদের হাতে আব্দুস সালাম বাবুর আরেক ভাই ২০০৭ সালে নিহত হয়েছেন বলে দাবি করেছেন বাবুর পরিবার।

গাড়ি বিক্রির ফাঁদে ২৮ লাখ টাকা খোয়ালেন প্রবাসী, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
গাড়ি বিক্রির ফাঁদে ২৮ লাখ টাকা খোয়ালেন প্রবাসী, অভিযুক্ত পলাতক
শেয়ার করুন

সৌদি আরবের মক্কা নগরীর কাকিয়া এলাকায় গাড়ি বিক্রির প্রলোভনে এক প্রবাসীর কাছ থেকে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভারুয়াখালী এলাকার বাসিন্দা টি এমরান মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

 

ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ, এমরান মিয়া তার সঙ্গে গাড়ি বিক্রির কথা বলে যোগাযোগ করেন এবং বিশ্বাস অর্জনের মাধ্যমে ধাপে ধাপে তার কাছ থেকে মোট ২৮ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান।

 

ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজের চিকিৎসা ও অপারেশনের জন্য কষ্ট করে এই অর্থ জমিয়েছিলেন। প্রতারণার শিকার হয়ে এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী অভিযুক্তের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রবাসীসহ দেশবাসীর কাছে বিষয়টি শেয়ার করে সহযোগিতা কামনা করেছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

 

যোগাযোগ: 0545461385, +966 55 751 1407

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে : সারজিস আলম
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠনক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয় বরং এটা পুরো বাংলাদেশের মানুষের এজেন্ডা। যে এজেন্ডার ভিত্তিতে একটা গণভোট হয়েছে, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। 

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওলে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে হল রুমে কর্মী সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

সারজিস আলম বলেন, বিএনপি প্রায় ৫০ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু হ্যাঁ ভোট পেয়েছে ৭০ ভাগ। বিএনপি যদি তাদের জায়গা থেকে ক্ষমতায় আসার সাথে সাথে মানুষের এত বড়ো একটা ম্যান্ডেট ভুলে যায়, গণভোটের চাওয়া ভুলে যায়, তাহলে আমরা মনে করি এটা বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।

 

তিনি আরও বলেন, সংবিধান বলি আর যাই বলি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে যেটা বলছেন, সংবিধান করা হয় জনগণের জন্য, সরকার পরিচালিত করে বা পরিচালিত হয় জনগণের জন্য, রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য, জনগণের উদ্যোগে কোনো কিছু না। এই বাংলাদেশের সংবিধানই বলছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাহলে সেই জনগণ যখন ম্যান্ডেট দেয় যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আপনি যদি সংবিধানের দোহাই দেন তাহলে আমরা মনে করি যে আপনি আবার নতুন করে পূর্বের মতো ওই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান এবং এবারে এই বাংলাদেশের মানুষ, এই মুক্তিকামী মানুষ তারা আর কাউকে ক্ষমতাকে কুক্ষিগত করতে দেবে না, স্বৈরাচার হতেও দেবে না। এটার জন্য আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ যেখানেই যেইভাবে এটা প্রতিরোধ করা প্রয়োজন হয় বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব।