খুঁজুন
, ,

এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
এত প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্য কমানো একটি ধারাবাহিক প্রক্রিয়া।

 

ছয় মাসের মধ্যে দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে– এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

 

 

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিআইআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

 

 

দায়িত্ব পালনের ছয় মাসে বাজার ব্যবস্থাপনায় কতটা স্বস্তি এসেছে– এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একজন নাগরিক হিসেবে বর্তমান জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্যে তিনি মোটেই সন্তুষ্ট নন। তবে দ্রব্যমূল্য কমানোর জন্য একাধিক বিষয় একসঙ্গে কাজ করতে হয়।

 

তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ, কম জ্বালানি ব্যয়, উন্নত যোগাযোগব্যবস্থা এবং কম লজিস্টিক ব্যয় নিশ্চিত করতে হবে। বর্তমানে বাংলাদেশের লজিস্টিক ব্যয় জিডিপির প্রায় ১৬ শতাংশ, যেখানে আন্তর্জাতিক গড় প্রায় ১০ শতাংশ।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন থেকে খুচরা বাজারে পণ্য পৌঁছানোর পথে যে ব্যয় হয়, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা উন্নত হলে সেই ব্যয় কমবে। উৎপাদনের জন্য জ্বালানির নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে। এসব বিষয় একসঙ্গে কাজ করলেই জীবনযাত্রার ব্যয় কমানোর আদর্শ পরিস্থিতি তৈরি হবে।

 

দ্রব্যমূল্য কমানোর নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটি কোনো ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখ দিয়ে ঠিক করে দেওয়ার বিষয় নয়। উৎপাদন বাড়াতে বিনিয়োগ ও ঋণের সুদ কমানো, জ্বালানি ব্যয় কমানো, শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ানো এবং পণ্য পরিবহনে ভালো যোগাযোগব্যবস্থা প্রয়োজন।

 

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে গ্যাস সরবরাহের জন্য দুটি এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ ছিল। নতুন একটি এফএসআরইউ যুক্ত করতে দুই থেকে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। কারণ শুধু টার্মিনাল নির্মাণ করলেই হবে না, সেটিকে মূল গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত করতে সাবসি পাইপলাইনও নির্মাণ করতে হয়। ইতোমধ্যে সরকার নতুন একটি এফএসআরইউ নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যাতে নিরবচ্ছিন্নভাবে চালানো যায়, সেজন্যও সরকার কাজ করছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বাজারে স্থিতিশীলতার উদাহরণ হিসেবে আগের বছরগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক একটি চার্ট দেওয়ার কথাও জানান তিনি।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা কারো একার কৃতিত্ব নয়। আল্লাহর বিশেষ মেহেরবানি, ভোক্তাদের শৃঙ্খলা এবং উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটি স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি।

 

সবজির দাম ৬০ থেকে ১০০ টাকা কেজি পর্যন্ত হওয়াকে কীভাবে স্থিতিশীল বলা হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবজির উৎপাদন অনেকটাই মৌসুমি। সারা বছর একই পণ্য একই দামে সরবরাহের জন্য দেশে এখনো বৈজ্ঞানিক ও পরিকল্পিত গ্রিনহাউজ উৎপাদনব্যবস্থা গড়ে ওঠেনি।

 

পেঁয়াজের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, দেশে বছরে ৪০ লাখ টনের বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে, যা দেশের চাহিদার তুলনায় বেশি। তারপরও বছরের কোনো কোনো সময়ে মৌসুমি ব্যবধানের কারণে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়।

 

এই মৌসুমি ব্যবধান কমাতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কাঁচামরিচ, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে মৌসুমি ঘাটতি কমাতে এ বছর চুক্তিভিত্তিক কৃষিসহ বিভিন্ন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগের সুফল পেতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

 

তিনি বলেন, দ্রব্যমূল্য কমানো কিংবা বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরানো তাৎক্ষণিক কোনো পদক্ষেপের বিষয় নয়, এর সঙ্গে উৎপাদন, জ্বালানি, ঋণ, অবকাঠামো, পরিবহন ও সরবরাহব্যবস্থার মতো বহু বিষয় জড়িত। এসব ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির মাধ্যমেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

 

ভারতের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাটগুলো চালু এবং নতুন সীমান্ত হাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে ফলাফল জানানো যাবে।

 

দুই দেশের বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য যত বাড়বে, সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের জন্য তত বেশি লাভজনক হবে।

 

সিআইআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা