খুঁজুন
, ,

জ্বালানি সংকটে জাপান থেকে প্রায় ৩২ কোটি ডলারের জরুরি ঋণ পাচ্ছে বাংলাদেশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
জ্বালানি সংকটে জাপান থেকে প্রায় ৩২ কোটি ডলারের জরুরি ঋণ পাচ্ছে বাংলাদেশ

জাপানের কাছ থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ ১ লাখ কোটি ইয়েন (প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগের প্রত্যাশা করা হয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

একইসঙ্গে জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি ঋণ সহায়তার বিষয়টি স্বাগত জানিয়েছে দুই পক্ষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

১৪ দফা যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ‘বিগ-বি’ (বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব) উদ্যোগকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ বা ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এর আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ী-মহেশখালী এলাকাকে লজিস্টিকস, জ্বালানি ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে কাজ করবে দুই দেশ।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া, ঢাকায় মেট্রোরেল লাইন নির্মাণ এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

 

যৌথ বিবৃতিতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরকে স্বাগত জানিয়ে দ্রুত এটি কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যোগদানের অনুরোধ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে জাপান।

বিনিয়োগের পরিবেশ উন্নয়নে করব্যবস্থা, শুল্ক ছাড়করণ, অর্থ স্থানান্তর ও লাইসেন্সিং প্রক্রিয়ায় স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা এবং কার্যকর নিয়মকানুন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। খাদ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, তথ্যপ্রযুক্তি ও ওষুধশিল্পে বিনিয়োগ এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতেও সহযোগিতা বাড়ানো হবে।

 

জ্বালানি নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি ঋণ সহায়তার বিষয়টি স্বাগত জানিয়েছে দুই পক্ষ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা উন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালী করতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

 

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তি কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছে দুই দেশ। বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে জাপানের উন্নয়ন সহায়তায় একটি টহলজাহাজ এবং নিরাপত্তা সহায়তা কর্মসূচির আওতায় পাঁচটি টহলবোট দেওয়ার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মিয়ানমারের সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুই প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে তাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়েছে।

 

এ ছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, গাজা পুনর্গঠন এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।

 

যৌথ বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে গত পাঁচ দশকে জাপানের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাকাইচি তারেক রহমানকে অভিনন্দন জানান

নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নি’হত

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা তুলে ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলে এ নোটিশ পাঠান।

 

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে।

 

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে নোটিশে।

 

এসব ঘটনার পর আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

 

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে আইনি নোটিশে।

 

সুপ্রিম কোর্টের এ আইনজীবী শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন।

 

বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে নেওয়ার কথা বলেছেন তিনি।

 

নোটিশে বলা হয়, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার ‘সুযোগ রয়েছে’। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি অর্থের অপব্যবহার ও ভেনামি পোনা উৎপাদন

আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
আশেক উল্লাহ রফিকসহ ৩ হ্যাচারির বিরুদ্ধে তদন্ত শুরু

শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে পলাতক থাকা কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন গোল্ডেন হ্যাচারীসহ ৩টি হ্যাচারির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সরকারের মৎস্য অধিদপ্তর।

 

এম কে হ্যাচারী, গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারী নামের ওই তিনটি হ্যাচারির বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, অনুমোদনবিহীন ভেনামি চিংড়ি পোনা উৎপাদন ও বাজারজাতকরণ এবং অবৈধ ব্রড আমদানির অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। একই সাথে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগসাজসের অভিযোগও উঠেছে।

 

মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (রেসিডিউ মনিটরিং এন্ড এলার্ট রেসপন্স) সরকার মুহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের তিন সদস্যের তদন্ত দল বুধবার (১৮ নভেম্বর) তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

 

কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবদুল আজিজ নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সেই সংশ্লিষ্ট হ্যাচারি গুলো পরিদর্শন এবং অভিযোগকারিদের সাথে কথা বলবেন।

 

সুত্র বলছে, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযোগকারিদের বক্তব্য শুনেন তদন্ত দল। পরে তারা যান উখিয়ার সোনার পাড়ায় এম কে হ্যাচারীতে। এই হ্যাচারিটির মালিক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ।

অপরদিকে আগামিকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই এলাকায় স্থাপিত গোল্ডেন হ্যাচারী ও মেরিগোল্ড হ্যাচারীতে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে তদন্ত দল। এই দুইটি হ্যাচারির মধ্যে গোল্ডেন হ্যাচারীর মালিক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম।

 

অপর হ্যাচারিটির মালিক মহেশখালীর বাসিন্দা জমির উদ্দিন হলেও বর্তমানে সোনার পাড়ার সৈয়দ নুর ও মোহাম্মদ হাশেম নামের দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে হ্যাচারিটাতে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে মোহাম্মদ হাশেম কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সহযোগী হিসেবে পরিচিত। অন্যজন চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারির সাবেক টেকনিশিয়ান।

এই পাতার আরও সংবাদ

পাঁচঘন্টা চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সাথে বনে ফিরে গেল সেই হাতিটি

পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

পরিবেশ আন্দোলন নেতা কলিম উল্লাহর ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হলো!

চকরিয়ার ওসি আরিফের কান্ড!

সেই চৌরঙ্গী মালিকের আদালতে আত্মসমর্পণ, ৮ লাখ টাকা জরিমানা দিয়েই জামিন

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা