খুঁজুন
, ,

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে কক্সবাজারে জেলা ক্রিকেট দলের ট্রায়াল শুরু হতে যাচ্ছে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬ উপলক্ষে কক্সবাজারে জেলা ক্রিকেট দলের ট্রায়াল শুরু হতে যাচ্ছে

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ উপলক্ষে জেলা দল গঠনে ট্রায়াল শুরু হচ্ছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে ৪৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কক্সবাজার জেলা দল গঠনের লক্ষ্যে জেলার সর্বস্তরের আগ্রহী ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে, ঈদগাহ মাঠে এ ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জানান বিসিবি কাউন্সিলর সালাহউদ্দিন আহমদ।

জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন বলেন, সারা বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে বিসিবি ৪৩ বছর ধরে নিয়মিত এই টুর্ণামেন্টের আয়োজন করে আসছে সাথে জেলা ক্রীড়া সংস্থা এই কার্যক্রমে সহায়তা করছে। জেলার উদীয়মান ক্রিকেটার নিয়ে কক্সবাজার ক্রিকেট দলটি সাজানোর পরিকল্পনা চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশের সকল জেলা থেকে অংশ নেয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ টুর্ণামেন্টটি শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

সী ক্রুজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (SCOAB)-এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রশিদ সাহেবের সঙ্গে নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
সী ক্রুজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (SCOAB)-এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রশিদ সাহেবের সঙ্গে নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SCOAB)-এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রশিদ-এর সঙ্গে সংগঠনের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব হোসাইন ইসলাম বাহাদুর, সাবেক টোয়াব (TOAB)-এর সভাপতি এবং বিভিন্ন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রশিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সি ক্রুজ শিল্পের উন্নয়ন, সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের সি ক্রুজ পর্যটনশিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সি ক্রুজ শিল্পের উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে SCOAB-এর এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষণা টুঙ্গিপাড়া উপজেলা এনসিপি নেতার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষণা টুঙ্গিপাড়া উপজেলা এনসিপি নেতার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জ প্রতিদিন নামের একটি ফেসবুক পেজে তাঁর ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।

 

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।’

 

রাজনীতিতে যুক্ত হওয়ার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই লক্ষ্য নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। আমার ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।’

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ জানিয়ে মুতাসিম বিল্লাহ বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে নানাবিধ ব্যস্ততা—চাকরি, ফ্যামিলি ও ক্যারিয়ারের ব্যস্ততায় আমি রাজনীতিতে আর সক্রিয় হতে পারিনি। যারা আমার ব্যাপারে খবর রেখেছেন, দেখেছেন, তাঁরা আমার বিষয়ে অবগত রয়েছেন।’

 

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যারা আমাকে ওই সময়ে সুপরামর্শ ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

 

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।’

 

ভিডিও বার্তার শেষাংশে নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের জন্য শুভকামনা জানান তিনি। মুতাসিম বিল্লাহ বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার প্রিয় জন্মভূমি টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের মুক্তিকামী মানুষের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তা’আলা আপনাদের সুস্থতা, সফলতা ও বিজয় দান করুন।’

গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন মামুনুল হক।

 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‎দুপুরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে ঐক্যের এই শীর্ষ নেতা জানান, যেকোনো মূল্যে অপশক্তিকে মোকাবিলা করবে ১১ দল।

 

মামুনুল হক বলেন, কয়েকদিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতায় জনগণ আতঙ্কিত। সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সুযোগ পেয়েছে নাশকতাকারীরা। নির্বাচনের পর গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে বিএনপি।

 

তিনি আরও বলেন, বর্তমান এই সংকটে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই ১১ দল। নৈরাজ্য করে জাতিকে পরাজিত করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান তিনি।

 

গতকাল বুধবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বৈঠকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রাথমিক বার্তা এসেছে। গণভোটের গণরায় মেনে না নিলে এই ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেন মামুনুল হক।