খাদ্যের নামে বিষ! চৌরঙ্গী ও কাসুন্দীর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ
পচা মাছ, বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ দই, ভেজাল ঘি ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে কক্সবাজারের দুটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার উদ্যোগ নিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। প্রতিষ্ঠান দুটি হলো চৌরঙ্গী বেকারি ও কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড। একই অভিযানে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও স্বপ্ন সুপার শপকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াসউদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, চৌরঙ্গী বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার খবরের কাগজে সংরক্ষণ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজের উপস্থিতি এবং লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ময়লা কাপড় দিয়ে ঢেকে দই তৈরি, অপরিচ্ছন্ন ও পিচ্ছিল মেঝে এবং রান্নাঘর ও স্টোররুমের মাঝখানে শৌচাগার থাকার মতো অনিয়মও পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। তবে বিশুদ্ধ খাদ্য আদালতের আদেশ অমান্য ও অভিযানে অসহযোগিতার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেডে অভিযানে পচা মাছ, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ টক দই সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অনুমোদনহীন রং ব্যবহার, লেবেলবিহীন পাউরুটি ও খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ অমান্য ও অভিযানে অসহযোগিতার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিয়মিত মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া স্বপ্ন সুপার শপে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও ফল সংরক্ষণ, অপরিচ্ছন্ন মাছ কাটার বোর্ড এবং যথাযথ লেবেল ছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যাটালিয়ন আনসার ও পুলিশ সদস্যরা অংশ নেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন