খুঁজুন
, ,

জামায়াত-এনসিপি যেভাবে সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদের ওপর হামলায় কাকে দায়ী করবে?

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
জামায়াত-এনসিপি যেভাবে সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদের ওপর হামলায় কাকে দায়ী করবে?

লন্ডনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামীলীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’

 

তিনি আরও বলেন, ‘গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’

 

তিনি দুই দলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি। আওয়ামী লীগ জাতির শত্রু। এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’

চকরিয়ায় সাংবাদিক আনান গ্রেপ্তার, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা ও অব্যাহতির দাবি

‎মোহাম্মদ রিদুয়ানুল হক, চকরিয়া:
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
চকরিয়ায় সাংবাদিক আনান গ্রেপ্তার, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা ও অব্যাহতির দাবি

‎চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকাল কক্সবাজার ব্যুরো চীফ ও দৈনিক গণসংযোগ চকরিয়া প্রতিনিধি ইয়ার রহমান আনানকে হয়রাণী মূলক মামলা থেকে মুক্তি এবং ক্লাবের সহ দপ্তর সম্পাদক দৈনিক নবচেতনা ভ্রাম্যমান প্রতিনিধি ফয়সাল আলম সাগরসহ দু’জনকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেয়ার দাবীতে ১৭ নভেম্বর রাত ৮ টায় জনতা শপিংস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

‎

‎সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।

‎প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সহসভাপতি ফরিদ আহমদ বাবুল, সহসভাপতি এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, যুগ্ম সম্পাদক এইচএম রুহুল কাদের, নির্বাহী সদস্য আব্দুল করিম বিটু, প্রচার সম্পাদক রাজু দাশ, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য সাঈদুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন, সহ প্রচার সম্পাদক শফিউল করিম সবুজ, রিদুয়ানুল হক, আরফাত ছানি, সদস্য- তানবীরুল ইসলাম, হোসাইন মুহাম্মদ সবুজ, জিল্লুর রহমান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

‎সভায় সাংবাদিক ইয়ার রহমান আনান ও সাংবাদিক ফয়সাল আলম সাগরকে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেয়ার পাশাপাশি ভবিষ্যতে আর কোন সাংবাদিককে অন্যায়ভাবে কোন ধরণের মামলায় আসামি না করতে হুশিয়ারি দেন। বক্তারা সাংবাদিক দের যেকোন বিষয়ে কোন সমস্যার সৃষ্টি হলে ক্লাব নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে বসে সাংবাদিকদের যেকোন ধরণের বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনের নিকট আহবান জানান।

কক্সবাজারে কৃষি সেবার ঘাটতি, দুর্বল সমন্বয়ে ঝুঁকিতে কৃষক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কক্সবাজারে কৃষি সেবার ঘাটতি, দুর্বল সমন্বয়ে ঝুঁকিতে কৃষক

কৃষকদের বড় একটি অংশ জানেন না তাঁদের উপজেলায় সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কী ধরনের সেবা রয়েছে। অন্যদিকে, কৃষকদের সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া কৃষি উপকরণ বিক্রেতাদের একটি বড় অংশেরই নেই জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক প্রশিক্ষণ। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সেবাব্যবস্থায় সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এসেছে।

কক্সবাজারে ৪৭৮টি কৃষিভিত্তিক উদ্যোগের ওপর পরিচালিত এক বেসলাইন জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ কৃষক নিজ উপজেলায় কৃষি সম্প্রসারণ, মৎস্য কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা সম্পর্কে অবগত নন। অথচ ৮৪ দশমিক ৯ শতাংশ কৃষক কৃষি উপকরণ বিক্রেতাদের কাছ থেকেই কৃষিবিষয়ক পরামর্শ নিয়ে থাকেন। জরিপে অন্তর্ভুক্ত এসব বিক্রেতার ৬৫ শতাংশ জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক কোনো প্রশিক্ষণ পাননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কক্সবাজারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইএসইসি (ISEC) প্রকল্পের আওতায় আয়োজিত এক নীতিমালা পর্যালোচনা কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় জলবায়ু-অভিযোজিত কৃষির উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেবার সংযোগ বাড়ানো, কৃষকদের জন্য সহজ অর্থায়ন এবং বাজারব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইনোভিশন কনসাল্টিংয়ের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারস্থ ওয়াশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও উপসচিব নাজমুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন আইএলওর কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বাহল এবং সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নাভিদ আকবর।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (GAC) সহায়তায় পরিচালিত আইএলওর আইএসইসি প্রকল্পটি কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট এক্সপার্ট ড. শরীফ আহমেদ চৌধুরী। তিনি জানান, কৃষকদের বাজারব্যবস্থা, অর্থায়ন ও কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরিপ অনুযায়ী, প্রায় ৮৭ শতাংশ কৃষক পূর্বনির্ধারিত ক্রেতা বা বিক্রয়ব্যবস্থা ছাড়াই তাৎক্ষণিক বাজারে পণ্য বিক্রি করেন। আবার ৪৭ দশমিক ২ শতাংশ কৃষক ঋণ পরিশোধের সময়সূচিকে অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

কর্মক্ষেত্রের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। প্রতি ১০০টি কৃষিভিত্তিক উদ্যোগের মধ্যে ৩৬টিতে আগের এক বছরে কাজসংক্রান্ত আঘাত কিংবা অসুস্থতার ঘটনা ঘটেছে। অথচ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ। তবে জরিপের এই পরিসংখ্যান কেবল অন্তর্ভুক্ত ৪৭৮টি উদ্যোগের চিত্র তুলে ধরে; কক্সবাজারের সব কৃষকের সামগ্রিক প্রতিনিধিত্ব করে না।

এসব সীমাবদ্ধতা কাটাতে কৃষি উপকরণ বিক্রেতাদের জন্য মৌসুমভিত্তিক মানসম্মত পরামর্শ নির্দেশিকা তৈরির প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ কৃষি উপকরণ ব্যবহারের নিয়ম শেখানো, প্রয়োজন অনুযায়ী কৃষকদের বিশেষজ্ঞদের কাছে পাঠানো এবং বিক্রেতাদের পরামর্শের মান যাচাইয়ের ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

কৃষকদের মাটির লবণাক্ততা ও পুকুরের পানির গুণগত মান পরীক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি পরীক্ষার ফলাফলের সঙ্গে লিখিতভাবে করণীয় জানানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু-স্মার্ট কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাব আসে। কৃষকের উৎপাদন ও আয়চক্র অনুযায়ী ঋণ পরিশোধের সুযোগ, গ্রামপর্যায়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপযোগী সেবা এবং যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

কৃষিপণ্যের বাজারসংযোগ নিয়ে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অভিজ্ঞতা তুলে ধরেন অতনু ভট্টাচার্য ও সত্য রঞ্জন তরফদার। তাঁরা জানান, কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বর্তমানে ৬৩টি কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে। তাই নতুন কেন্দ্র নির্মাণের চেয়ে বিদ্যমান কেন্দ্রগুলোর কার্যকারিতা ও পরিচালনা কমিটির সক্ষমতা বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ।

এসব কেন্দ্রে ডিজিটাল সেবা চালু, নারী ও পুরুষ সেবাদাতার অংশগ্রহণ নিশ্চিত, জলবায়ু ঝুঁকি বিমার সুযোগ তৈরি এবং সরকারি ক্রয়ব্যবস্থার সঙ্গে কৃষকদের সংযুক্ত করার অভিজ্ঞতাও তুলে ধরেন তাঁরা।

বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আইফার্মারের ভাইস প্রেসিডেন্ট, ফিল্ড অপারেশনস ফরহাদ জুলফিকার রাফেল বলেন, নির্দিষ্ট মাসিক কিস্তির পরিবর্তে কৃষকের মৌসুম ও উৎপাদনচক্র বিবেচনায় ঋণ পরিশোধের ব্যবস্থা নিয়ে কাজ করছে তাঁদের প্রতিষ্ঠান। কৃষক, কৃষি উপকরণ বিক্রেতা ও ক্রেতাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার পাশাপাশি কৃষি উপকরণ এবং বালাইনাশক ব্যবহারের ধারাবাহিক তথ্য সংরক্ষণের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ারের সঞ্চালনায় প্যানেল আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. জুয়েল রানা বলেন, কৃষকদের কাছে পৌঁছাতে প্রশিক্ষিত বেসরকারি কৃষি উপকরণ বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে তাঁদের দেওয়া পরামর্শ ও তথ্যের মান নিশ্চিত করা জরুরি। জলবায়ু-স্মার্ট কৃষির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় উপজেলা পরিষদের বিদ্যমান বাজেট ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এ. এম. খালেকুজ্জামান স্থানীয় পর্যায়ে রোগনির্ণয় ও অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহী নওয়াজ যোগ্য পরিবার শনাক্ত করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করেন।

এসিআইয়ের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ এবং উৎপাদনচক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইওন অ্যাকুয়াকালচার লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস মোহাম্মদ জিল্লুর রহমান মৎস্যচাষে নিরাপদ ও নির্ভুল পরামর্শ নিশ্চিত করতে কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ এবং জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথি নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কর্মশালায় উত্থাপিত সুপারিশগুলোর গুরুত্ব শুধু কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় পর্যায়েও এর প্রাসঙ্গিকতা রয়েছে। কৃষকদের জন্য মানসম্মত ও প্রত্যয়িত কৃষি উপকরণ এবং পরামর্শসেবা নিশ্চিত করার পাশাপাশি বাজারে কার্যকর নিয়ন্ত্রণ ও মান যাচাইব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি ক্যাম্পের অনানুষ্ঠানিক বাজারকেও যথাযথ নিয়ন্ত্রণের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করার নামে অনিয়ন্ত্রিত পণ্য ও অনুমোদনহীন সার বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বেসরকারি খাতের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে তথ্য সরবরাহ ও প্রত্যয়নব্যবস্থার উন্নয়নও জরুরি।

কর্মশালার আলোচনার সারসংক্ষেপে আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নাভিদ আকবর বলেন, সরকারি সম্প্রসারণ সেবার পক্ষে এককভাবে সব কৃষকের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই কৃষিসেবায় বেসরকারি খাতকে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। তবে কৃষি উপকরণ বিক্রেতাদের পরামর্শের মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ এবং সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে সরকারের দায়িত্ব রয়েছে।

তিনি ক্ষতিকর বালাইনাশক ও সারের অনিয়ন্ত্রিত প্রচার নিয়ে উদ্বেগ জানান। তৈরি পোশাক খাতের অভিজ্ঞতার আলোকে কৃষি খাতেও আনুষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও যাতে কৃষকদের জন্য এসব সেবা অব্যাহত থাকে, সে জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি ব্যবস্থার স্থায়ী অংশ হিসেবে সেগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে স্থানীয় পর্যায়ের কার্যক্রমের সমন্বয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব সুনির্দিষ্ট করা এবং প্রকল্প-পরবর্তী সময়ে সেবাগুলো চালু রাখার জন্য টেকসই অর্থায়নব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় পাওয়া মতামত জাতীয় পর্যায়ের পরবর্তী পরামর্শ কার্যক্রম এবং খসড়া নীতিপত্র চূড়ান্ত করার কাজে ব্যবহার করা হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সমস্যাগুলোকে বাস্তবায়নযোগ্য নীতিগত পদক্ষেপে রূপ দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য।

সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। তা সত্ত্বেও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’

 

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আছেন। বারের অনেক সদস্যও এখানে রয়েছেন। আমরা আশা করেছিলাম, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করছি।’

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর এই নৃশংস হামলার প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সংগঠনটির নেতারা অবিলম্বে রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

সাম্প্রতিক সময়ে যুবদল নেতা রবিউল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে রবিউল ইসলামের উপস্থিত থাকার বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল।