খুঁজুন
, ,

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিন উপমহাদেশের বিদগ্ধ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। থেমে যায় মজলুম মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ। মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলন-সংগ্রামের অগ্রণী কিংবদন্তি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। আমার দৃঢ়বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

মওলানা ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার আদর্শ আমাদের লালন করতে হবে। তিনি আরো বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন। এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

 

ভাসানীর মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের আহ্বান এনডিপির : মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। এ উপলক্ষ্যে এক বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মওলানা ভাসানী ছিলেন শুধু বাংলাদেশের নয়, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

ভাসানীর আদর্শের কোনো মৃত্যু নেই :বাংলাদেশ ন্যাপ :মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাপযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের মুক্তি আন্দোলনের মহান নেতা মওলানা ভাসানী বেঁচে থাকবেন অনাদিকাল জুড়ে। এই দেশ ও এই জাতি যত দিন টিকে থাকবে, মওলানা ভাসানীকে কেউ অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবে না। তার সংগ্রামী আদর্শের কোনো মৃত্যু নেই। ইতিহাসই তার সঠিক মূল্যায়ন করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

 

দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ-ভাসানীসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

 

টাঙ্গাইলে বিভিন্ন অনুষ্ঠান :মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মরহুম ভাসানীর ভক্ত, মুরিদান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষ্যে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের মাজার প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে।

চকরিয়ায় সাংবাদিক আনান গ্রেপ্তার, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা ও অব্যাহতির দাবি

‎মোহাম্মদ রিদুয়ানুল হক, চকরিয়া:
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
চকরিয়ায় সাংবাদিক আনান গ্রেপ্তার, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা ও অব্যাহতির দাবি

‎চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকাল কক্সবাজার ব্যুরো চীফ ও দৈনিক গণসংযোগ চকরিয়া প্রতিনিধি ইয়ার রহমান আনানকে হয়রাণী মূলক মামলা থেকে মুক্তি এবং ক্লাবের সহ দপ্তর সম্পাদক দৈনিক নবচেতনা ভ্রাম্যমান প্রতিনিধি ফয়সাল আলম সাগরসহ দু’জনকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেয়ার দাবীতে ১৭ নভেম্বর রাত ৮ টায় জনতা শপিংস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

‎

‎সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।

‎প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, সহসভাপতি ফরিদ আহমদ বাবুল, সহসভাপতি এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, যুগ্ম সম্পাদক এইচএম রুহুল কাদের, নির্বাহী সদস্য আব্দুল করিম বিটু, প্রচার সম্পাদক রাজু দাশ, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য সাঈদুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন, সহ প্রচার সম্পাদক শফিউল করিম সবুজ, রিদুয়ানুল হক, আরফাত ছানি, সদস্য- তানবীরুল ইসলাম, হোসাইন মুহাম্মদ সবুজ, জিল্লুর রহমান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

‎

‎সভায় সাংবাদিক ইয়ার রহমান আনান ও সাংবাদিক ফয়সাল আলম সাগরকে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেয়ার পাশাপাশি ভবিষ্যতে আর কোন সাংবাদিককে অন্যায়ভাবে কোন ধরণের মামলায় আসামি না করতে হুশিয়ারি দেন। বক্তারা সাংবাদিক দের যেকোন বিষয়ে কোন সমস্যার সৃষ্টি হলে ক্লাব নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে বসে সাংবাদিকদের যেকোন ধরণের বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনের নিকট আহবান জানান।

কক্সবাজারে কৃষি সেবার ঘাটতি, দুর্বল সমন্বয়ে ঝুঁকিতে কৃষক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কক্সবাজারে কৃষি সেবার ঘাটতি, দুর্বল সমন্বয়ে ঝুঁকিতে কৃষক

কৃষকদের বড় একটি অংশ জানেন না তাঁদের উপজেলায় সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কী ধরনের সেবা রয়েছে। অন্যদিকে, কৃষকদের সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া কৃষি উপকরণ বিক্রেতাদের একটি বড় অংশেরই নেই জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক প্রশিক্ষণ। ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সেবাব্যবস্থায় সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে এসেছে।

কক্সবাজারে ৪৭৮টি কৃষিভিত্তিক উদ্যোগের ওপর পরিচালিত এক বেসলাইন জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ কৃষক নিজ উপজেলায় কৃষি সম্প্রসারণ, মৎস্য কিংবা প্রাণিসম্পদ অধিদপ্তরের সেবা সম্পর্কে অবগত নন। অথচ ৮৪ দশমিক ৯ শতাংশ কৃষক কৃষি উপকরণ বিক্রেতাদের কাছ থেকেই কৃষিবিষয়ক পরামর্শ নিয়ে থাকেন। জরিপে অন্তর্ভুক্ত এসব বিক্রেতার ৬৫ শতাংশ জলবায়ু-স্মার্ট কৃষিবিষয়ক কোনো প্রশিক্ষণ পাননি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কক্সবাজারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইএসইসি (ISEC) প্রকল্পের আওতায় আয়োজিত এক নীতিমালা পর্যালোচনা কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় জলবায়ু-অভিযোজিত কৃষির উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেবার সংযোগ বাড়ানো, কৃষকদের জন্য সহজ অর্থায়ন এবং বাজারব্যবস্থা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইনোভিশন কনসাল্টিংয়ের আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারস্থ ওয়াশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও উপসচিব নাজমুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন আইএলওর কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বাহল এবং সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নাভিদ আকবর।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (GAC) সহায়তায় পরিচালিত আইএলওর আইএসইসি প্রকল্পটি কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট এক্সপার্ট ড. শরীফ আহমেদ চৌধুরী। তিনি জানান, কৃষকদের বাজারব্যবস্থা, অর্থায়ন ও কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। জরিপ অনুযায়ী, প্রায় ৮৭ শতাংশ কৃষক পূর্বনির্ধারিত ক্রেতা বা বিক্রয়ব্যবস্থা ছাড়াই তাৎক্ষণিক বাজারে পণ্য বিক্রি করেন। আবার ৪৭ দশমিক ২ শতাংশ কৃষক ঋণ পরিশোধের সময়সূচিকে অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

কর্মক্ষেত্রের নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। প্রতি ১০০টি কৃষিভিত্তিক উদ্যোগের মধ্যে ৩৬টিতে আগের এক বছরে কাজসংক্রান্ত আঘাত কিংবা অসুস্থতার ঘটনা ঘটেছে। অথচ পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ। তবে জরিপের এই পরিসংখ্যান কেবল অন্তর্ভুক্ত ৪৭৮টি উদ্যোগের চিত্র তুলে ধরে; কক্সবাজারের সব কৃষকের সামগ্রিক প্রতিনিধিত্ব করে না।

এসব সীমাবদ্ধতা কাটাতে কৃষি উপকরণ বিক্রেতাদের জন্য মৌসুমভিত্তিক মানসম্মত পরামর্শ নির্দেশিকা তৈরির প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ কৃষি উপকরণ ব্যবহারের নিয়ম শেখানো, প্রয়োজন অনুযায়ী কৃষকদের বিশেষজ্ঞদের কাছে পাঠানো এবং বিক্রেতাদের পরামর্শের মান যাচাইয়ের ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

কৃষকদের মাটির লবণাক্ততা ও পুকুরের পানির গুণগত মান পরীক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি পরীক্ষার ফলাফলের সঙ্গে লিখিতভাবে করণীয় জানানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু-স্মার্ট কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রস্তাব আসে। কৃষকের উৎপাদন ও আয়চক্র অনুযায়ী ঋণ পরিশোধের সুযোগ, গ্রামপর্যায়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর উপযোগী সেবা এবং যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

কৃষিপণ্যের বাজারসংযোগ নিয়ে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) অভিজ্ঞতা তুলে ধরেন অতনু ভট্টাচার্য ও সত্য রঞ্জন তরফদার। তাঁরা জানান, কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বর্তমানে ৬৩টি কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে। তাই নতুন কেন্দ্র নির্মাণের চেয়ে বিদ্যমান কেন্দ্রগুলোর কার্যকারিতা ও পরিচালনা কমিটির সক্ষমতা বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ।

এসব কেন্দ্রে ডিজিটাল সেবা চালু, নারী ও পুরুষ সেবাদাতার অংশগ্রহণ নিশ্চিত, জলবায়ু ঝুঁকি বিমার সুযোগ তৈরি এবং সরকারি ক্রয়ব্যবস্থার সঙ্গে কৃষকদের সংযুক্ত করার অভিজ্ঞতাও তুলে ধরেন তাঁরা।

বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আইফার্মারের ভাইস প্রেসিডেন্ট, ফিল্ড অপারেশনস ফরহাদ জুলফিকার রাফেল বলেন, নির্দিষ্ট মাসিক কিস্তির পরিবর্তে কৃষকের মৌসুম ও উৎপাদনচক্র বিবেচনায় ঋণ পরিশোধের ব্যবস্থা নিয়ে কাজ করছে তাঁদের প্রতিষ্ঠান। কৃষক, কৃষি উপকরণ বিক্রেতা ও ক্রেতাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার পাশাপাশি কৃষি উপকরণ এবং বালাইনাশক ব্যবহারের ধারাবাহিক তথ্য সংরক্ষণের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ারের সঞ্চালনায় প্যানেল আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. জুয়েল রানা বলেন, কৃষকদের কাছে পৌঁছাতে প্রশিক্ষিত বেসরকারি কৃষি উপকরণ বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে তাঁদের দেওয়া পরামর্শ ও তথ্যের মান নিশ্চিত করা জরুরি। জলবায়ু-স্মার্ট কৃষির পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনায় উপজেলা পরিষদের বিদ্যমান বাজেট ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এ. এম. খালেকুজ্জামান স্থানীয় পর্যায়ে রোগনির্ণয় ও অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহী নওয়াজ যোগ্য পরিবার শনাক্ত করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করেন।

এসিআইয়ের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ এবং উৎপাদনচক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইওন অ্যাকুয়াকালচার লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস মোহাম্মদ জিল্লুর রহমান মৎস্যচাষে নিরাপদ ও নির্ভুল পরামর্শ নিশ্চিত করতে কৃষি উপকরণ বিক্রেতাদের প্রশিক্ষণ এবং জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথি নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, কর্মশালায় উত্থাপিত সুপারিশগুলোর গুরুত্ব শুধু কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয় পর্যায়েও এর প্রাসঙ্গিকতা রয়েছে। কৃষকদের জন্য মানসম্মত ও প্রত্যয়িত কৃষি উপকরণ এবং পরামর্শসেবা নিশ্চিত করার পাশাপাশি বাজারে কার্যকর নিয়ন্ত্রণ ও মান যাচাইব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি ক্যাম্পের অনানুষ্ঠানিক বাজারকেও যথাযথ নিয়ন্ত্রণের আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করার নামে অনিয়ন্ত্রিত পণ্য ও অনুমোদনহীন সার বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বেসরকারি খাতের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে তথ্য সরবরাহ ও প্রত্যয়নব্যবস্থার উন্নয়নও জরুরি।

কর্মশালার আলোচনার সারসংক্ষেপে আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নাভিদ আকবর বলেন, সরকারি সম্প্রসারণ সেবার পক্ষে এককভাবে সব কৃষকের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই কৃষিসেবায় বেসরকারি খাতকে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। তবে কৃষি উপকরণ বিক্রেতাদের পরামর্শের মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ এবং সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে সরকারের দায়িত্ব রয়েছে।

তিনি ক্ষতিকর বালাইনাশক ও সারের অনিয়ন্ত্রিত প্রচার নিয়ে উদ্বেগ জানান। তৈরি পোশাক খাতের অভিজ্ঞতার আলোকে কৃষি খাতেও আনুষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও যাতে কৃষকদের জন্য এসব সেবা অব্যাহত থাকে, সে জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি ব্যবস্থার স্থায়ী অংশ হিসেবে সেগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে স্থানীয় পর্যায়ের কার্যক্রমের সমন্বয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব সুনির্দিষ্ট করা এবং প্রকল্প-পরবর্তী সময়ে সেবাগুলো চালু রাখার জন্য টেকসই অর্থায়নব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় পাওয়া মতামত জাতীয় পর্যায়ের পরবর্তী পরামর্শ কার্যক্রম এবং খসড়া নীতিপত্র চূড়ান্ত করার কাজে ব্যবহার করা হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সমস্যাগুলোকে বাস্তবায়নযোগ্য নীতিগত পদক্ষেপে রূপ দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
আইনজীবীর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ও সংসদ সদস্য নাজিবুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের এই সংসদ সদস্য।

সংসদে ঘটনার বর্ণনা দিয়ে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য। তা সত্ত্বেও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’

 

স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আছেন। বারের অনেক সদস্যও এখানে রয়েছেন। আমরা আশা করেছিলাম, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি আশা করছি।’

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর এই নৃশংস হামলার প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। সংগঠনটির নেতারা অবিলম্বে রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি মামলা দায়ের ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

সাম্প্রতিক সময়ে যুবদল নেতা রবিউল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এমনকি গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় দলবল নিয়ে রবিউল ইসলামের উপস্থিত থাকার বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল।