খুঁজুন
, ,

পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
শেয়ার করুন

ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ছেলের সম্পৃক্ত থাকার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন এমপি।মতামত কলাম পড়ুন

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজন পুরুষকে নগ্ন অবস্থায় এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনে দেখা ও শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি আসল কি না, কিংবা এতে থাকা ব্যক্তি সত্যিই সংসদ সদস্য আব্দুল আজিজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নারীর পরিচয়ও জানা যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন এমপি। বুধবার বাড়িতে গিয়ে তাকে এবং পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এরপর ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে আব্দুল আজিজ দাবি করেন, নির্বাচনের আগে থেকেই তিনি নিজ দল ও বিরোধী পক্ষের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই কথিত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের ঘটনায় তিনি এমনিতেই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এর মধ্যে এ ধরনের ভিডিও ছড়িয়ে তাকে আরও বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে।

ভিডিওটি নিয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। আগামী শুক্রবার জেলা বিএনপির জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য হওয়ায় বিষয়টি বিএনপির হাইকমান্ডকেও জানানো হবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতার দাবি, আব্দুল আজিজের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ উঠেছিল। তিনি আপন ভাতিজার স্ত্রীকেও ধর্ষণ করেছেন এবং ভালোভাবে খোঁজখবর নিলে সেই সত্য পাওয়া যাবে, এমন দাবিও করেন তিনি। তবে অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি; এমনকি এর পক্ষে কোনও নথিও পাওয়া যায়নি।

এদিকে ওই ভিডিওটি ভুয়া দাবি করে গুরুদাসপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার বিকালে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিখিত বক্তব্য পড়েন।

বক্তব্যে তিনি দাবি করেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের একটি ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত ব্যক্তিগতভাবে এমপির মান ক্ষুণ্ন করতেই ‘আশফাক আহমেদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। ভিডিওতে এক নারীর কণ্ঠও শোনা গেছে। মানহানিকর ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে তারা ওই ভিডিওটি ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, একইসঙ্গে ভুয়া ওই ভিডিওটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতিও নিচ্ছেন তারা।

কয়েকজন ছাত্র ও যুবনেতা এ ঘটনায় আব্দুল আজিজের বক্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, যদি এমপি আবদুল আজিজ এতে জড়িত না থাকে, তবে প্রকাশ্যে এর বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রমাণ করুক।

গত ১৫ অক্টোবর গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ২৬ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২৭ অক্টোবর রাতে শাকিলের জানাজায় অংশ নিতে গেলে আব্দুল আজিজ নেতা-কর্মীদের হেনস্তার শিকার হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরদিনই তার বলে দাবি করা কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের
শেয়ার করুন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তার মতে, ইসরায়েলি আরব রাজনৈতিক দলগুলোকে হিসাবে ধরলে বিরোধীদের পক্ষে আসনসংখ্যা দাঁড়ায় ৬৫টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার (৬১টি আসন) চেয়েও বেশি।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গোলান লিখেছেন, “নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে। ব্যস।” তিনি এই ফলাফলকে কাজে লাগিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে দেশে একটি নতুন পরিবর্তনশীল সরকার গঠনের তাগিদ জানান।

 

গোলান আরও যুক্তি দেন, নেতানিয়াহু যদি কেবল ‘জায়নবাদী’ (ইহুদি জাতীয়তাবাদী) সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিতে চান, তবে তাঁর নিজের জোট থেকেই জায়নবাদী নয় এমন কট্টর কট্টর-অর্থোডক্স (হারেদি) দলগুলোর ১৬ জন আইনপ্রণেতাকে বাদ দিতে হবে। সে হিসাবেও পরিবর্তনকামী বিরোধী জোটের কাছেই জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা থাকবে।

 

সর্বশেষ প্রাপ্ত তথ্য ও প্রায় ৮৫.৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন শাসক জোট মাত্র ৫৩টি আসন পাওয়ার মুখে রয়েছে। বিপরীতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সম্ভাব্য প্রধান বিরোধী জোট ৪৮টি এবং বিভিন্ন আরব জোট ও দল যৌথভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে।

 

গোলান আরও বলেন, “আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, একই সঙ্গে দায়িত্বও রয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের অংশীদারত্বে একটি নতুন সরকার গঠনের এটাই সুযোগ, যা দেশের সকল নাগরিকের কল্যাণে কাজ করবে।”

 

একই সুর ফুটে উঠেছে ফিলিস্তিনি-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর নেত্বদ্বয়ের মুখেও। বামপন্থী দল জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বর্ণবাদ ও সংঘাতের নীতি দূর করে প্রকৃত ইহুদি-আরব অংশীদারত্বের মাধ্যমে নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে তাঁরা প্রস্তুত। এছাড়া হাদাশ-তাআল জোটের শীর্ষ নেতা আহমাদ তিবি দেশের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধী শিবির সাহসী ভূমিকা নিলে তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছেন।

 

বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা

 

ডেমোক্র্যাটস দলের প্রভাবশালী আইনপ্রণেতা গিলাদ কারিভ উল্লেখ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ইসরায়েল এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। তিনি জানান, বর্তমান কট্টর ডানপন্থী ধারার সরকার গড়ে তোলার যে সমীকরণ ছিল, তা ব্যর্থ হয়েছে এবং কয়েক লাখ ভোটের ব্যবধানে জনগণ নেতানিয়াহুর বিপক্ষে রায় দিয়েছে। এখন দেশকে বিধ্বংসী পথ থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ গঠনে আরব-ইহুদি ঐক্যবদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।

গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নাই

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ণ
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নাই
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি সরকার একলা চলো নীতিতে চলছে। জনগণের গণরায়কে উপেক্ষা করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও তালবাহানা করছে। গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নাই।

 

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

আলী আহসান জুনায়েদ বলেন, সরকার জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে, জনগণের নিরাপত্তার ব্যাপারে সরকারকে উদাসীন দেখতে পাচ্ছি। একইসাথে দেশের সাধারণ মানুষ সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের দাম নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার সেটিকে আর মূল্যায়ন করছে না। যখন যা ইচ্ছা দাম বাড়িয়ে জনগণের উপর উচ্চমূল্যের খড়্গ বসিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, যে দেশের সরকার মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, এনসিপিও সে সরকারকে সহযোগিতা করবে না। আমরা চেয়েছিলাম, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে।

 

এদিন, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতারা।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন এমপি, সালেহ উদ্দিন সিফাত ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির: শফিকুল আলম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন দ্য ডিসেন্টের সম্পাদক কদরুদ্দীন শিশির: শফিকুল আলম
শেয়ার করুন

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঠিক আগমুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানানোর উদ্যোগ নেন ছাত্রনেতারা। এ সময় ইউনূসের সঙ্গে যোগাযোগ স্থাপনে একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল তাদের। সেই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন তৎকালীন এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দীন শিশির। বর্তমানে তিনি দ্য ডিসেন্টের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

পোস্টে শফিকুল আলম লেখেন, এএফপির ঢাকা ব্যুরোতে তার ডেস্ক থেকে মাত্র এক গজ দূরে বসেই শিশির অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করেন। বিষয়টি সম্পর্কে জানতেন হাতেগোনা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি। ছাত্রনেতাদের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন এবং দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন শিশির নিজেই।

 

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার তখনও দুই দিন বাকি ছিল। এমন পরিস্থিতিতেও তার নিরাপত্তা বাহিনী পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেনি। শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, নির্বিচারে হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে কুখ্যাত ওই বাহিনী বিষয়টি জানতে পারলে শিশিরসহ এএফপির পুরো দলকে গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটক রাখার আশঙ্কা ছিল।

 

শফিকুল আলম আরও লেখেন, পুরো সময়জুড়ে শিশির অত্যন্ত শান্ত ও অবিচল থেকে নিজের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি গোপনে ওই সময়ের নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও প্রমাণ সংগ্রহ করতেও শুরু করেছিলেন।