গোল্ডেন বুট জিতলেন মেসি
টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ২৬টি গোল করে এই পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন মেসি।
মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচটিতে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দুটি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। ঘরের মাঠে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
গোল্ডেন বুটের দৌড়ে মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্য প্রতিদ্বন্দ্বীরা। তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।
এর আগে গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। ওই গোলসংখ্যা এমএলএসের ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ড। এবার আগের মৌসুমের গোলসংখ্যা ছুঁতে না পারলেও টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে লিগে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির আক্রমণভাগেও সবচেয়ে বড় অবদান রেখেছেন মেসি। লিগে সর্বোচ্চ ৮০টি গোল করেছে দলটি। এর মধ্যে ২৬টি গোল নিজে করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ইন্টার মায়ামির মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রেখেছেন তিনি।

আপনার মতামত লিখুন