ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পে সাবেক বনকর্মচারীর নামে তিন ফ্ল্যাট
এক টুকরো জমি নেই, নেই নিজের কোনো বসতভিটা। অন্যের জায়গায় কিংবা ঝুপড়িঘরে মানবেতর জীবন কাটে যাদের, তাদের জন্যই সরকারের বিশেষ উদ্যোগে নির্মিত হয়েছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাস্তুচ্যুত ও ভূমিহীন পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই করে দেওয়াই ছিল এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। কিন্তু সেই আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ নিয়েই এখন উঠেছে নানা প্রশ্ন।
অভিযোগ রয়েছে, যাদের পুনর্বাসনের জন্য এত আয়োজন, সেই প্রকৃত অসহায় মানুষদের অনেকেই এখনো ফ্ল্যাটের অপেক্ষায়। বিপরীতে প্রভাবশালী ও বহিরাগত এবং রোহিঙ্গারা অনেকে নানা কৌশলে প্রকল্পের সুবিধা ভাগিয়ে নিচ্ছেন।
এমনই এক অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঝালকাঠি জেলার বাসিন্দা ও কক্সবাজার বন বিভাগের সাবেক কর্মচারী সাহাব উদ্দিন হাওলাদার। অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে তিনটি ফ্ল্যাট রয়েছে। শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই নয়, আত্মীয়স্বজন ও বহিরাগতদেরও ফ্ল্যাট পাইয়ে দিতে তিনি তদবির করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি প্রকল্পের দোকানসহ নতুন করে আরও কিছু বরাদ্দ পেতে তাঁর ছেলেমেয়েদের নামে আবেদন করার বিষয়টিও সামনে এসেছে।
প্রশ্ন উঠেছে, যার আদি বাড়ি ঝালকাঠিতে, যিনি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন এবং ২০১৩ সালে বন বিভাগ থেকে অবসরে গেছেন, তাঁর পরিবারের সদস্যরা কীভাবে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত প্রকল্পে একাধিক ফ্ল্যাট পেলেন?
যেখানে ভূমিহীন মানুষ একটি ফ্ল্যাটের আশায় দিনের পর দিন অপেক্ষা করছেন, সেখানে একই পরিবারের তিন সদস্যের নামে ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ কতটা যৌক্তিক? যা নিয়ে সচেতন মহলে তৈরি হয়েছে নানান সমালোচনা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাহাব উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ খিজিরের নামে কর্ণফুলী ভবনের ৩০৮ নম্বর ফ্ল্যাট, মেয়ে সায়মা আক্তারের নামে ৪০৭ নম্বর ফ্ল্যাট এবং স্ত্রী সাহিদা আক্তারের নামে কেওড়া ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাট রয়েছে।
অর্থাৎ একই পরিবারের তিন সদস্যের নামে তিনটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, বরাদ্দের পুরো প্রক্রিয়া ও উপকারভোগীদের যোগ্যতা যাচাই করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাহাব উদ্দিন হাওলাদারের নাম ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কক্সবাজার বন বিভাগে সরকারি চাকরি করেছেন। অথচ তাঁর স্ত্রী-সন্তানদের নামে আশ্রয়ণ প্রকল্পে একাধিক ফ্ল্যাট রয়েছে। সিভিল এভিয়েশনের কর্মচারী সোবহানের সঙ্গে যোগসাজশ করে তাঁরা এসব কর্মকাণ্ড করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নুরুল আলমের দাবি, সাহাব উদ্দিন হাওলাদার অনেকের কাছ থেকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। এ সংক্রান্ত কিছু প্রমাণ তাঁদের হাতে রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ফ্ল্যাট বরাদ্দের বিষয়টি প্রচলিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা তদন্তের দাবি জানান তিনি।
তাঁর ভাষ্য, সাহাব উদ্দিনের আদি নিবাস ঝালকাঠি জেলায়। দীর্ঘদিন কক্সবাজারে চাকরির সুবাদে কুতুবদিয়াপাড়ার ঠিকানায় জাতীয় পরিচয়পত্র করেছেন। তিনি কীভাবে জলবায়ু উদ্বাস্তু হিসেবে বিবেচিত হলেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
কুতুবদিয়াপাড়ার বাসিন্দা হাবিব, নজরুল ও মনছুরসহ স্থানীয় কয়েকজনের অভিযোগ, সাহাব উদ্দিন হাওলাদার মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুবিধায় কুতুবদিয়াপাড়ায় বাড়ি পেয়েছেন এবং পিএমখালী মৌজাতেও জমি পেয়েছেন। এরপরও তাঁর স্ত্রী-সন্তানদের নামে আশ্রয়ণ প্রকল্পে একাধিক ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার বিষয়টি তাঁদের কাছে বিস্ময়কর।
তাঁরা বলেন, স্থানীয় ভূমিহীন ও অসহায় মানুষ এখনো একটি স্থায়ী ঠিকানার আশায় ঘুরছেন। অথচ বহিরাগতরা আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট নিয়ে বসবাস করছেন। সাহাব উদ্দিন নিজেকে সমাজ কমিটির সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ তাঁদের। তাঁর ছেলে মোহাম্মদ খিজির কক্সবাজার উপজেলা মডেল মসজিদে চাকরি করেন বলেও জানান তাঁরা।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যদের নামে কীভাবে একই আশ্রয়ণ প্রকল্পে একাধিক ফ্ল্যাট বরাদ্দ হলো? যাদের এক টুকরো জমিও নেই, তাদের জন্য তৈরি প্রকল্পে অন্য জেলার বাসিন্দাদের পরিবারের সদস্যরা কীভাবে উপকারভোগী হলেন?
এ বিষয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাটগুলো মূলত কক্সবাজারের স্থানীয় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বরাদ্দ করার কথা। সেখানে বহিরাগত কিংবা জলবায়ু উদ্বাস্তু নন—এমন কেউ একাধিক ফ্ল্যাট পেয়ে থাকলে তা দুঃখজনক। বিষয়টি সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে সাহাব উদ্দিন হাওলাদার বলেন, তিনি ২০১৩ সালে বন বিভাগ থেকে অবসর নিয়েছেন। তাঁর আদি বাড়ি ঝালকাঠি জেলায়। মুক্তিযোদ্ধা হিসেবে কক্সবাজারের কুতুবদিয়াপাড়ায় বাড়ি পেয়েছেন।
খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে ফ্ল্যাট থাকার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে স্ত্রী ও সন্তানদের নামে ফ্ল্যাট থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। তবে তাঁর দাবি, স্ত্রীর ফ্ল্যাটটি বরাদ্দ পাওয়া হয়েছে, বাকি ফ্ল্যাটগুলো এখনো প্রক্রিয়াধীন। ফ্ল্যাট দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
এ সময় প্রতিবেদকের ছবি নিজের মুঠোফোনে তুলে রাখেন সাহাব উদ্দিন হাওলাদার।
প্রকৃত ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে যদি একই পরিবারের একাধিক সদস্যের নামে ফ্ল্যাট বরাদ্দের ঘটনা ঘটে, তবে তা শুধু বরাদ্দের অনিয়মের প্রশ্ন নয়, বরং প্রকল্পের মূল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে। যাদের মাথা গোঁজার মতো এক টুকরো জমি নেই, যাদের কাছে একটি স্থায়ী ঠিকানা এখনো স্বপ্ন-তাদের অধিকার নিশ্চিত করতেই এই প্রকল্প। তাই খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের তালিকা, বরাদ্দের যোগ্যতা ও পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, প্রকৃত ভূমিহীনদের অধিকার যেন কোনোভাবেই অন্যের দখলে না যায়।

আপনার মতামত লিখুন