খুঁজুন
বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
চাঁদাবাজির ‘মহামারি’তে দেশ
শেয়ার করুন

তুই বড় ব্যবসায়ী। পাঁচ কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালামু। বাঁচবে না তোর পরিবার’, দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। চাহিদামতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে।

এর পর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু পল্লবীর ওই ব্যবসায়ীর ক্ষেত্রেই নয়, রাজধানীসহ সারা দেশে গত বছরের ৫ আগস্টের পর এই রকম ঘটনা ঘটছে অহরহ। এভাবেই চলছে নীরব চাঁদাবাজি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক এক পরিচালক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘তাঁর কারখানা চট্টগ্রাম ইপিজেডে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কাছে চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা। গত দুই যুগ আমি ইপিজেডকেন্দ্রিক ব্যবসা পরিচালনা করছি। রপ্তানি পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছি। নেতৃত্ব দিয়েছি ব্যবসায়ী সংগঠনের।

আর আমার কাছে চাওয়া হয়েছে চাঁদা। আর তা না দেওয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে। সেই হুমকি আমলে না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আট মাস ধরে চরিত্র হনন চলছে অব্যাহতভাবে।’
ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের স্বনামধন্য এক নারী উদ্যোক্তা জানান, তাঁর কাছে নগরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী (বড় সাজ্জাদ) এক কোটি টাকা চাঁদা চেয়েছে। চাঁদা না পেয়ে একাধিকবার পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছে।

তিনি ও তাঁর পরিবারের সবাই এখন আতঙ্কে।
এদিকে গত দুই দিনে সরেজমিনে গিয়ে খোঁজ নিলে (রবিবার ও সোমবার) রাজধানীর কারওয়ানবাজার, গুলিস্তান, নিউমার্কেট, মিরপুর, যাত্রাবাড়ী, তেজগাঁও, উত্তরা, মতিঝিল এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাতে বেপরোয়া চাঁদাবাজির তথ্য পাওয়া গেছে। এসব এলাকার ব্যবসায়ীরা জানান, তাঁরা প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা চাঁদা দেন। হকার্স মালিক সমিতির এক নেতা বলেন, দিনে তাঁদের ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে চাঁদাবাজরা হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা।

চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ড থামছে না। তাদের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না ফুটপাতের ব্যবসায়ীরা। এমনকি শীর্ষ রাজনৈতিক নেতারাও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তেমনি বাড়িঘর নির্মাণ করতে গিয়েও দিতে হচ্ছে চাঁদা। চাঁদাবাজদের কমবেশি সবারই রাজনৈতিক পরিচয় আছে। কেউ পুরনো দলের নেতা, আবার কেউ নব্য রাজনৈতিক দলের নেতা। আবার বড় নেতাদের নাম ভাঙিয়েও করা হচ্ছে দেদার চাঁদাবাজি। দিনে দিনে সারা দেশের এই চাঁদাবাজি অনেকটা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। শহর থেকে উপজেলা—সবখানেই একই চিত্র। ভুক্তভোগী সাধারণ মানুষ অভিযোগ তুলছে, একদল ‘প্রভাবশালী’ রাজনৈতিক কর্মী, দলীয় পরিচয়ধারী কিছু নেতা চাঁদাবাজিতে বেশি জড়িত। পুলিশের অভিযানে কিছু চাঁদাবাজ গ্রেপ্তার হলেও চাঁদাবাজি থামছে না। এমনকি রাজনৈতিক দল সাংগঠনিক ব্যবস্থা নিলেও চাঁদাবাজদের অপরাধ বন্ধ করছে না।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সারা দেশে পুলিশ তৎপর রয়েছে। এরই মধ্যে অনেক চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।’

সম্প্রতি একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। এক চক্র পতনের পর অন্য চক্র দ্রুত সেই জায়গা দখল করে নেয়। তাঁর বক্তব্য ইঙ্গিত দেয়, চাঁদাবাজি এখন রাজনৈতিক অর্থনীতির একটি স্থায়ী উপাদান। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুধু নিয়ন্ত্রক বদলায়, কিন্তু পদ্ধতি ও কাঠামো একই থাকে।

অনুসন্ধানে জানা গেছে, চাঁদাবাজি ঘিরে দেশে নিরাপত্তাহীনতায় আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন পেশার মানুষ। তাতে অতিষ্ঠ সাধারণ মানুষও।

গত কয়েক মাসে সারা দেশে দুই হাজার ৩২৫টির বেশি চাঁদাবাজির ঘটনার অভিযোগ যাচাই করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র বলছে, ‘বেশির ভাগ ক্ষেত্রেই এসব ঘটনার সঙ্গে স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি বা সংগঠনের যোগসাজশ পাওয়া যায়।’

ঢাকা মহানগর পুলিশের তালিকা অনুযায়ী, রাজধানীতে আড়াই হাজারের বেশি চিহ্নিত চাঁদাবাজ রয়েছে। সারা দেশে প্রতিটি জেলার সংশ্লিষ্ট থানা পুলিশ চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা করেছে। সেই তালিকায় প্রতিটি জেলায় এক হাজারের বেশি চিহ্নিত চাঁদাবাজ রয়েছে। সেই হিসেবে দেশের বিভিন্ন এলাকায় অর্ধলক্ষাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়ে তথ্য যাচাই করছে পুলিশ, যাদের মধ্যে বেশির ভাগ নতুন। পুলিশ সদর দপ্তর ও কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

চাঁদাবাজদের নিয়ে ডিএমপির মিরপুরের পল্লবী এবং তেজগাঁওয়ের মোহাম্মদপুর থানার পুলিশের দুটি তালিকা কালের কণ্ঠের হাতে এসেছে। সেই তালিকা অনুযায়ী, পল্লবী থানার পুলিশ ৬৬ জন চিহ্নিত চাঁদাবাজের হালনাগাদ তালিকা ধরে তদন্ত করছে। একই সঙ্গে মোহাম্মদপুর থানার পুলিশের তালিকায় ১২৫ জনের নাম রয়েছে। এভাবে ডিএমপির প্রতিটি থানার পুলিশের তালিকা অনুযায়ী ৫০ থেকে ১০০ জনের নাম রয়েছে থানার হালনাগাদ তালিকায়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা। চাঁদাবাজদের কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজদের একটি হালনাগাদ তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

ডিএমপিতে ছয় মাসে চার শতাধিক মামলা : পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চাঁদাবাজির অভিযোগে গত ১০ মাসে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের আট বিভাগে ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩৭১ জনই ‘নতুন চাঁদাবাজ’। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের ১৩ জেলা থেকে। তাদের মধ্যে ২২৩ জন নতুন চাঁদাবাজ। ছয় মাসে ডিএমপিতে চাঁদাবাজির অভিযোগে ৪১৯টি মামলা করা হয়েছে। সেসব মামলা তদন্ত করে শতাধিক চাঁদাবাজকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে মাথা চাড়া দিয়েছে নতুন চাঁদাবাজরা। তাদের বড় অংশই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।

পুলিশ বলছে, চাঁদাবাজির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের পতনে পুরনো চক্র দুর্বল হয়ে ‘শূন্যস্থান’ তৈরি হওয়া, রাজনৈতিক দলের সুযোগসন্ধানী নেতাকর্মীদের অস্থিরতার সুযোগ নেওয়া, আগে নজরদারির বাইরে থাকা অপরাধীদের এখন সক্রিয় হতে গিয়ে ধরা পড়া।

ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি চাঁদাবাজির প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে পরিবহন, বাজার, আবাসন ও শ্রমিক সংগঠন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় দাপটও কাজে লাগাচ্ছে চাঁদাবাজরা। গ্যাং সংস্কৃতিসহ নানা কারণে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াও নতুন চাঁদাবাজ উঠে আসছে।

চাঁদা না পেয়ে শত খুন : সংশ্লিষ্ট সূত্র বলছে, চাঁদাবাজির ঘটনায় গত ১৪ মাসে সারা দেশে শতাধিক ব্যক্তি খুন হয়েছে। এর মধ্যে রাজধানীতে অন্তত ২০ জন খুন হওয়ার তথ্য পাওয়া গেছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের জড়িত থাকার কথা জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মগবাজার, মতিঝিল, বাড্ডা, গুলশানসহ কিছু এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বেশি। এর মধ্যে বাড্ডার গুদারাঘাটে বিএনপি নেতা কামরুল আহসানকে (সাধন) গুলি করে হত্যা করা হয়। কেবল টিভি, ইন্টারনেটের সংযোগসহ চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগীদের নাম এসেছে। এর আগে ১৯ এপ্রিল হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সিকদারকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানতে পারে, এই হত্যার নেপথ্যে আছে চাঁদাবাজিও। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে চাঁদাবাজি শুরু হয়। এর বাইরে শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বের হয়ে চাঁদাবাজি শুরু করে। এর আগে সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে দ্বিতীয় কিস্তির চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছিলেন রিয়াদ। রংপুরের এক সাবেক এমপির ঢাকার গ্রিন রোডের বাড়ি থেকে পাঁচ কোটি টাকার ১১টি চেক নেওয়ার ঘটনাও জানা যায়। এ রকম আরো অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। পল্লবীর এক ব্যবসায়ী সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী কালের কণ্ঠকে বলেন, ‘জামিলুর নামের একজন আমার কাছে চাঁদা চেয়ে হুমকি দেয়। এখন আমি পরিবার নিয়ে চরম বিপদে আছি।’

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমি মসলার ব্যবসায়ী। গত বছরের ৫ আগস্টের পরে অনেক চাঁদা দিয়েছি। এখন আরো লাখ টাকা চাঁদা চায় সন্ত্রাসীরা। দিতে পারিনি, তাই পালিয়ে বেড়াচ্ছি।’

রহুল আমিনসহ বেশ কয়েকজন ট্রাকচালক কালের কণ্ঠকে বলেন, ‘বিভিন্ন জেলা থেকে ট্রাকে লোড করার পর কয়েক ধাপে পথে চাঁদা দিতে হয়।’

কালের কণ্ঠের প্রতিনিধিরা দেশে দুই শতাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সারা দেশে নীরবে চাঁদাবাজি চলছে।

গোয়েন্দারা সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে পাঁচটি গোষ্ঠীকে দেশে চাঁদাবাজির মূল হোতা হিসেবে চিহ্নিত করেছেন। তারা হলো রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি অংশ, প্রশাসনের ভেতরে থাকা স্বার্থান্ধ গোষ্ঠী, স্থানীয় সন্ত্রাসী ও বাহিনীচক্র এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা কথিত নেতাদের চক্র।

পরিবহনে ঢাকায় দিনে কোটি টাকার চাঁদাবাজি : জানা গেছে, শুধু ঢাকার ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডেই প্রতিদিন আনুমানিক সোয়া দুই কোটি টাকার চাঁদা আদায় করা হয়। মাস শেষে এই অঙ্ক ৬০ কোটি থেকে ৮০ কোটি টাকা পর্যন্ত হয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সারা দেশে বাস-মিনিবাস খাত থেকে বছরে হাজার কোটি টাকার বেশি অবৈধ টাকা সংগ্রহ করা হয় বলেও সূত্রগুলো জানিয়েছে।

চালক ও তাঁর সহযোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে রাখা হয়। রুট বন্ধ করা কিংবা হামলার মতো ঘটনায় পড়তে হয়। এসব চাঁদাবাজির সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, শ্রমিক সংগঠনের নামে গড়ে ওঠা চক্র এবং প্রশাসনের একটি অংশের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে।

হাট-বাজারে প্রকাশ্য চাঁদাবাজি : দেশের প্রায় সব হাট-বাজারে চাঁদাবাজি এখন প্রতিদিনের ঘটনা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের একাংশ জানিয়েছে, বাজার নিয়ন্ত্রণের অজুহাতে বিভিন্ন সংগঠনের নামে প্রতিদিন দোকানপ্রতি ৫০ টাকা থেকে কয়েক শ টাকা চাঁদা নেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পণ্য পরিবহন বন্ধ, ব্যবসার সুযোগ সংকুচিত করা, এমনকি শারীরিক হামলার মতো পরিস্থিতি তৈরি হয়।

চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানায় খোন্দকার দেলোয়ারের পুত্রবধূ : গত ৬ অক্টোবর চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল। চাঁদাবাজির ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় এই অভিযোগ করেন তিনি। থানার ওসি মো. রাজু বলেন, ওই মামলার তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদাবাজি না থামলে গাড়ি বিক্রি বন্ধ : চাঁদাবাজির অভিযোগে গত ২০ অক্টোবর রাজধানীর বারিধারায় মানববন্ধন করেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন।

এ বিষয়ে বারভিডা সভাপতি আবদুল হক বলেন, ‘গত আগস্ট থেকে আমাদের সদস্যদের কাছে অজানা নম্বর থেকে চাঁদা দাবি করা হচ্ছে। কেউ কেউ হোয়াটসঅ্যাপে একে-৪৭ রাইফেলের ছবি পাঠিয়ে ভয় দেখাচ্ছে। এখন পর্যন্ত ১২টি গাড়ি বিক্রয়কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

আবদুল হক জানান, এসব ঘটনার পর পুলিশে জিডি করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীরা এখন ভয় নিয়ে দিন কাটাচ্ছেন।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘চাঁদাবাজসহ অপরাধীদের গ্রেপ্তার করতে র‌্যাব সারা দেশে তৎপর রয়েছে।’

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন কালের কণ্ঠের সারা দেশের স্থানীয় প্রতিনিধিরা]

রামুতে প্রবাসীর সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ: মূল হোতা শাহেদসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
রামুতে প্রবাসীর সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ: মূল হোতা শাহেদসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
শেয়ার করুন

কক্সবাজারের রামুতে প্রবাসী স্বামীর পাঠানো ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাহেদ আহমদ (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। আত্মীয়তার সুযোগ নিয়ে অভিনব কায়দায় এই বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এখন উল্টো খুন-খারাবির হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকায়।

​গত ৭ মে (২০২৬) রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর শাহেদ আহমদকে প্রধান অভিযুক্ত করে মোট ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ মিনুয়ারা বেগম (২৬)।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেচ্ছিপুল খন্দকারপাড়ার বাসিন্দা মিনুয়ারা বেগমের স্বামী ইব্রাহীম খলিল দীর্ঘ বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত শাহেদ আহমদ (২৭) ও তার মা মুর্শিদা বেগম (৫০) এবং ভাই আমিন সরওয়ার (২২) প্রবাসীর নিকটাত্মীয়। আত্মীয়তার সুবাদে এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে, গত ১৭ এপ্রিল ২০২৬ থেকে ৪ মে ২০২৬ তারিখের মধ্যে বিভিন্ন সময়ে সৌদি আরব থেকে সর্বমোট ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা শাহেদের মা মুর্শিদা বেগমের পরামর্শে মূল অভিযুক্ত শাহেদ আহমদের নিকট পাঠান প্রবাসী ইব্রাহীম খলিল।

​পরবর্তীতে ওই টাকা স্ত্রী হিসেবে মিনুয়ারা বেগমকে বুঝিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও শাহেদ ও তার পরিবার “আজ দেব, কাল দেব” বলে নানা টালবাহানায় সময় ক্ষেপণ করতে থাকে এবং অদ্যাবধি কোনো টাকা ফেরত দেয়নি।

​ভুক্তভোগী মিনুয়ারা বেগম অভিযোগে উল্লেখ করেন, গত ৭ মে তিনি তার দেবর রাশেদসহ লম্বরীপাাড়ায় শাহেদদের বাড়িতে গিয়ে পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহেদ ও তার সহযোগীরা টাকা দিতে সরাসরি অস্বীকার করে। উল্টো টাকা চাইলে মারধর ও খুন-খারাবি করার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে এবং তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়।

​মিনুয়ারা বেগম জানান, শাহেদের হাত থেকে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে টাকা উদ্ধারের বহু চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। ঘটনার পক্ষে বহু সাক্ষী রয়েছে বলেও তিনি জানান।

​এ বিষয়ে প্রধান অভিযুক্ত শাহেদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, মিনুয়ারা বেগম আমার আপন বড় মামী। আমার মামা সৌদি আরব থেকে মূলত জমি কেনার উদ্দেশ্যে আমার কাছে ১০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। পরবর্তীতে মামা যখন সেখানে আইনি জটিলতায় জেলে পড়েন, তখন তার নির্দেশেই আমি মামীকে ১ লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছি। এখন আমার সৎ মামা রাশেদুল ইসলাম মামীকে জিম্মি করে আমার কাছে থাকা বাকি টাকাগুলো আত্মসাৎ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আমার আপন মামার পাঠানো টাকা হাতিয়ে নিতেই সৎ মামা রাশেদুল ইসলাম মামীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় এই মিথ্যা অভিযোগ করিয়েছেন।

​ভুক্তভোগী পরিবারটি তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে এবং মূল অপরাধী শাহেদসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান
শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য একটি বিশাল আর্থিক পুরস্কার বা বাউন্টি ঘোষণা করার বিষয়ে আলোচনা করছে ইরান।

 

 

দেশটির সংসদ বা মজলিসে এই লক্ষ্যে ‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শিরোনামে একটি নতুন বিল পাসের প্রস্তুতি চলছে, যার আওতায় মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের হত্যাকারীকে ৫ কোটি ইউরো বা প্রায় ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে।

 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ওয়ার এবং যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই বিলটি আনা হচ্ছে।

 

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিলটির প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। ইরান ওয়ারের প্রতিবেদন অনুযায়ী, ইব্রাহিম আজিজি জানিয়েছেন যে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকা রাখার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে পাল্টা পদক্ষেপের প্রধান লক্ষ্যবস্তু করা উচিত।

 

 

একই কমিটির আরেক প্রভাবশালী সদস্য মাহমুদ নাবাবিয়ানও ঘোষণা করেছেন যে ‘ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পারবে’ এমন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় পুরস্কার নির্ধারণের এই বিলটির ওপর খুব শীঘ্রই ইরানি পার্লামেন্টে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

সংসদে এই সরকারি বিল আনার কয়েক দিন আগেই ইরানের জান্তা বা সরকার সমর্থিত প্রভাবশালী মিডিয়া আউটলেট ‘মাসাফ’ দাবি করেছিল যে তারা ইতিমধ্যেই ‘কিল ট্রাম্প’ বা ট্রাম্পকে হত্যা করার একটি বিশেষ অভিযানের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক তহবিল সুরক্ষিত করেছে।

 

এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাধীন সাইবার যুদ্ধ পরিচালনাকারী হ্যাকিং গ্রুপ ‘হান্দালা’ একটি পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে যে মার্কিন বিচার বিভাগ তাদের সদস্যদের সন্ধান দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার পাল্টা জবাব হিসেবে তারা ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘নিপীড়ন ও দুর্নীতির প্রধান কারিগর’ আখ্যা দিয়ে তাদের হত্যার জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। হ্যাকিং গ্রুপটি স্পষ্ট করেছে যে এই দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যে কেউ ‘বাস্তব পদক্ষেপ’ নিতে পারবে, তাকেই এই অর্থ প্রদান করা হবে।

 

বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রস্তাবিত বাউন্টি আইনটি দেশটির পূর্ববর্তী যেকোনো মৌখিক হুমকি বা ধর্মীয় ফতোয়া ও প্রচারণামূলক প্রচারণার চেয়ে অনেক বেশি মারাত্মক এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমানে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে চূড়ান্তভাবে হুমকির মুখে ফেলেছে। গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এক বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তেহরান যদি তাকে হত্যার কোনো চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে যাতে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়।

 

এই বাউন্টি বা পুরস্কারের খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের একটি সংশোধিত ও আপডেট করা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে ওয়াশিংটন এই প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে বলেছে যে এটি তেহরানের পূর্ববর্তী অবস্থানের চেয়ে ভালো কোনো অগ্রগতি নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই পক্ষের আলোচনা বর্তমানে একটি অত্যন্ত জটিল ও গুরুতর অবস্থানে রয়েছে এবং এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ চাপ ইরানের ওপরই বর্তায়।

 

সূত্র: এনডিটিভি

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি
শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে ঘটা এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

 

 

 

ঘটনার পরপরই সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।