খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

কক্সবাজারে হুহু করে বাড়ছে হামের রোগী, সুস্থ থাকতে যা করতে বললেন চিকিৎসকরা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
কক্সবাজারে হুহু করে বাড়ছে হামের রোগী, সুস্থ থাকতে যা করতে বললেন চিকিৎসকরা
শেয়ার করুন

কক্সবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। সোমবার (একদিনে) কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি হয়েছে ৩০ জন শিশু। পাশাপাশি একটি বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৫ জন আক্রান্ত শিশু।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, শুরুতে সাধারণ জ্বর ও কাশি মনে হলেও পরে পরীক্ষা করে অনেক শিশুর শরীরে হাম শনাক্ত হচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

রামু উপজেলার মিঠাছড়ির বাসিন্দা মরিয়ম বেগম জানান, ঈদের পরদিন থেকেই তার যমজ দুই শিশুকে নিয়ে হাসপাতালে দৌড়ঝাঁপ করছেন। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও এক সপ্তাহ পর পরীক্ষায় ধরা পড়ে তারা হাম আক্রান্ত। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মহেশখালীর শাপলাপুরের রুমা আক্তার ও শহরের শাহীনুর আক্তার। তাদের শিশুরাও জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর হাম শনাক্ত হয়েছে। সন্তানদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন এসব পরিবার।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে মহেশখালী, হোয়াইক্যং, মিঠাছড়ি এবং শহরের কালুরদোকান, পাহাড়তলী ও রুমালিয়ারছড়া এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।

 

পরিস্থিতি সামাল দিতে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে চালু করা হয়েছে একটি ‘আইসোলেশন ওয়ার্ড’। সেখানে আলাদা করে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

 

শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম জানান, আক্রান্তদের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ভিটামিন-এ-এর ঘাটতি হামের ঝুঁকি বাড়ায় এবং এটি অত্যন্ত সংক্রামক হওয়ায় আলাদা রেখে চিকিৎসা দেওয়া জরুরি।

 

এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর জানান, ইতোমধ্যে জেলায় ৫৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলায় প্রায় ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

 

চিকিৎসকরা বলছেন, হাম প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। শিশুদের জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

হামের লক্ষণ ও প্রতিকার

হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ, যা মূলত কাশি, হাঁচি এবং বাতাসের মাধ্যমে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ হাম আক্রান্ত হয়। এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়।

উচ্চ মাত্রায় জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং পরে সারা শরীরে লাল ফুসকুড়ি এর প্রধান লক্ষণ।

ভাইরাসের সংস্পর্শে আসার ১০ থেকে ১৪ দিন পর হামের লক্ষণ শুরু হয়। প্রথমে ১০৩ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হওয়া এবং গাল বা মুখের ভেতর ছোট সাদা দাগ (কপলিক স্পট) দেখা দিতে পারে।

এরপর ৩-৪ দিনের মাথায় মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি বা র‌্যাশ ছড়িয়ে পড়ে।

ফুসকুড়ি ওঠার ৪ দিন আগে থেকে ৪-৫ দিন পরে পর্যন্ত আক্রান্ত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে ছড়াতে পারে এ রোগ।

সঠিক চিকিৎসা না হলে নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), কানে সংক্রমণ বা মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে।

হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে উপসর্গ কমানোর জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ, প্রচুর পানি/তরল খাবার এবং ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া হয়।

সঠিক সময়ে এমএমআর টিকা নেওয়াই এ রোগ প্রতিরোধের একমাত্র কার্যকর উপায়। শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ এমআর/এমএমআর টিকা দিতে হয়।

হাম হলে আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখতে (আইসোলেশন), প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খাওয়াতে এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।

 

কী করণীয়?

 

ডা. মুশতাক হোসেন বলছেন, শুধু টিকা নয়, সংক্রমণ নিয়ন্ত্রণেও বাড়তি ব্যবস্থা দরকার।

 

“হাম আক্রান্ত শিশুদের ঘরে রাখতে হবে, স্কুলে বা বাইরে যেতে দেওয়া যাবে না। কারণ এই রোগ হাঁচি-কাশি ও নিঃশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।”

 

ডা. মুশতাক বলেন, দরিদ্র পরিবারের শিশুরাই বেশি ঝুঁকিতে আছে। তাদের জন্য কমিউনিটি পর্যায়ে আলাদা সেবা বা আইসোলেশনের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে মা ও শিশু একসঙ্গে থেকে চিকিৎসা ও পরিচর্যা পেতে পারে।

 

“দরিদ্র পরিবারগুলোকে সহায়তা না দিলে আক্রান্ত শিশুকে আলাদা রাখা কঠিন হবে। এজন্য খাবার, প্রয়োজনীয় সহায়তা এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খোঁজ নেওয়ার ব্যবস্থাও জরুরি।”

 

তার ভাষায়, টিকার দ্রুত ব্যবস্থা করা এবং আক্রান্ত শিশুদের কমিউনিটি পর্যায়ে শনাক্ত ও আলাদা রাখার উদ্যোগ একসঙ্গে নেওয়া গেলে সংক্রমণ কমানো সম্ভব হবে।

বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

 

 

তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি আলোচনায় থাকা অভিনেত্রী চমক।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

 

 

সে সময় এক সাক্ষাৎকারে চমক গণমাধ্যমকে বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

 

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু চমকের।

 

২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে আর ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও।

পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা।

ইতোমধ্যে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।

 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক জায়গায় সিসি ক্যামেরা অভ্যস্ত আছে। নতুন জায়গায় কেন্দ্র সচিবদেরকে সেভাবে অনুপ্রাণিত করেছি।

৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর, স্বাভাবিক হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে। শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান, তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। শুধুমাত্র বানান কারেকশন আর কোনো কিছু পরিবর্তন না।

নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
শেয়ার করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এলাকাবাসী ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন-উপজেলার উত্তর বাইশারী এলাকার আতাউল্লাহ কলিম (৩২) ও মধ্যম বাইশারী এলাকার হারুন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউল্লাহ ও হারুন দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।

আজ সন্ধ্যায় তারা সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের ধরে ফেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং তাদের থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অস্ত্র ও গুলিসহ দুই যুবককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।