খুঁজুন
, ,

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

এম ফেরদৌস ::
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

 

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়মিত মিলনস্থল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন চারমোড়। অথচ সেই পরিচিত মুখগুলোর মধ্যকার সামান্য মনোমালিন্যই শেষ পর্যন্ত কেড়ে নিল ২৮ বছর বয়সী এক তরুণের প্রাণ।

ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস, অভিভাবকের কাছে অভিযোগ এবং তা নিয়ে কথা-কাটাকাটি-একের পর এক ঘটনার পরিণতিতে ঘটে হাতাহাতি ও মারামারি। একপর্যায়ে মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করার অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রায় ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন শফিক। অনার্স-মাস্টার্স শেষ করে মা-বাবার স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা তরুণের জীবন থেমে গেল মাঝপথেই।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শফিক রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যকার মনোমালিন্যকে কেন্দ্র করে। এ বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি নিয়ে মুসলিম অভিভাবকদের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগে শফিউল ইসলামের নামও উঠে আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনোকে অবহিত করেন।

বাবার কাছে বিষয়টি জানানো হয়েছে-এমন খবর পেয়ে শফিক মুসলিমের কাছে গিয়ে এর কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে মুসলিম তাঁর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। পরে শফিকের সঙ্গে থাকা আরও কয়েকজন মুসলিমকে মারধর করেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগও রয়েছে। গত ৬ নভেম্বর শুক্রবার আসরের সময় রত্নাপালং ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা প্রায় ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। নিহত পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে শফিকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজন ও স্বজনদের কাছে তাঁর এমন মৃত্যু যেন এখনো অবিশ্বাস্য। পড়াশোনা শেষ করে পরিবারকে ঘিরে ছিল তাঁর নানা স্বপ্ন। কিন্তু একটি বিরোধ ও সংঘর্ষে সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটল মর্মান্তিকভাবে।

পরিবারের পক্ষে স্থানীয় মোস্তাক আহমেদ জানান, শফিকের মরদেহ এখনো চট্টগ্রামে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে মরদেহ হস্তান্তর হতে পারে বলে তাঁদের জানানো হয়েছে। এরপর গ্রামে পৌঁছাতে রাত হয়ে যেতে পারে।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কয়েক দিন আগেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি প্রাণহানির মতো ভয়াবহ পরিণতিতে গড়াবে, তা কেউ ভাবেননি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি ফেসবুক স্ট্যাটাসের বিরোধ, অভিভাবকের কাছে অভিযোগ, এরপর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ-সবশেষে একটি তরতাজা প্রাণের মৃত্যু। আমতলীর এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিরোধ ও সামান্য মনোমালিন্য নিয়ন্ত্রণের বাইরে গেলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।

২০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন

কক্সবাজারের ইনানীতে পুড়ছে প্রাকৃতিক সম্পদ

এম ফেরদৌস ::
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ
কক্সবাজারের ইনানীতে পুড়ছে প্রাকৃতিক সম্পদ

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীর ছোটখাল। গত ২৭ অক্টোবর সেখানে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে হঠাৎ বেরিয়ে আসে গ্যাস। মুহূর্তেই সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ২০ দিন ধরে জ্বলছে আগুন।

 দিন-রাত অবিরাম জ্বলতে থাকা সেই আগুনে একদিকে যেমন পুড়ছে দেশের সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে বাড়ছে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

মাটির গভীর থেকে বেরিয়ে আসা গ্যাসের উৎস, মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে।

প্রাথমিক পরীক্ষায় উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতির আভাস পাওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এতে নতুন গ্যাসের সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হলেও বাস্তবে এখন পর্যন্ত সেই গ্যাসের প্রবাহ বন্ধ করা কিংবা নিরাপদে সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।

ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল এসেছে, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, পর্যবেক্ষণও চলছে। ভারী যন্ত্রপাতিও পৌঁছেছে। কিন্তু কবে নাগাদ আগুন নেভানোর মূল অভিযান শুরু হবে, তার সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কার পাশাপাশি পুরো পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, মাটির গভীর থেকে নির্গত গ্যাসে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে সাধারণ মানুষের চলাচলেও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আগুনের স্থায়িত্ব এবং গ্যাসের প্রকৃত উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, বাপেক্সের টিম একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। শুধু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে। অথচ দেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ এভাবে দিনের পর দিন আগুনে পুড়তে থাকায় কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

স্থানীয় যুবক আলাউদ্দিন বলেন, যেগুলো জ্বলছে, সেগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এত দিন ধরে গ্যাস জ্বলছে, অথচ এখনো কার্যকর কোনো সমাধান চোখে পড়ছে না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট কারিগরি অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তির প্রয়োজন। সংশ্লিষ্টদের পর্যাপ্ত বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সক্ষমতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করি।

সোহেল নামের আরেক স্থানীয় যুবক বলেন, বাপেক্সের টিম কী করছে, সে বিষয়ে স্থানীয়রা স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না। শুধু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে। কত দিন এভাবে চলবে, আগুন কবে নিভবে কিংবা গ্যাসের কী হবে- এসব বিষয়ে পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সচেতন মহলের কেউ কেউ বলছেন, গ্যাসের উৎস ও প্রকৃত অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করা প্রয়োজন। এখানে কী পরিমাণ গ্যাস রয়েছে, সেটি কীভাবে নির্গত হচ্ছে এবং কেন এত দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না- এসব প্রশ্নের উত্তর জনসমক্ষে আসা উচিত। প্রয়োজনে দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বিষয়টি মূল্যায়নের দাবিও উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনাস্থলে ভারী ড্রিলিং পাইপ বা ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর এবং ব্লোআউট প্রিভেন্টরসহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছানো হয়। এসব সরঞ্জাম স্থাপনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে আগুন নেভানোর পরিকল্পনা করছে বাপেক্স।

একই দিন সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন নেভানোর সম্ভাব্য পদ্ধতি, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন তাঁরা। তবে সরঞ্জাম পৌঁছানো এবং বিশেষজ্ঞদের পরিদর্শনের পরও মূল অভিযান শুরুর নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা এলাকাটি পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে। বর্তমান নলকূপের গর্ত থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়।

গ্যাসের মজুত ও উৎপাদন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, এখানে গ্যাসের উপস্থিতি দেখা গেলেও এর প্রকৃত পরিমাণ, উৎপাদন সক্ষমতা কিংবা বাণিজ্যিক সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। আপাতত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান লক্ষ্য।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, এর আগে ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল। তবে আগুনের মাত্রা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে। পুরো কার্যক্রম পরিচালনা করবে বাপেক্স। এ বিষয়ে কারিগরি পরামর্শ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য বুয়েট, শেভরন ও বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুরুতে গ্যাস নির্গমনের ঘটনার পর বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতির আভাস পাওয়া গিয়েছিল। সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধারণা, সেখানে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণসহ আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছিলেন তারা।

বাপেক্সের ব্যবস্থাপক ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম এর আগে জানিয়েছিলেন, ইনানীর গ্যাসের সঙ্গে কনডেনসেটের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ আলামত।

দেশের ভোলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় অগভীর স্তরে পাওয়া বায়োজেনিক গ্যাসের সঙ্গে সাধারণত পানি উঠে আসে। কিন্তু ইনানীতে নির্গত গ্যাসের বৈশিষ্ট্য ভিন্ন। এর সঙ্গে কনডেনসেট পাওয়া যাচ্ছে, যা ভূগর্ভে উচ্চমাত্রার হাইড্রোকার্বনের উপস্থিতির ইঙ্গিত দেয়।

কনডেনসেট হলো প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া মূল্যবান হালকা তরল পেট্রোলিয়ামজাত পদার্থ। ফলে ইনানীতে এর উপস্থিতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেও শুধু এ আলামতের ভিত্তিতে সেখানে বড় ধরনের গ্যাসের মজুত কিংবা বাণিজ্যিক গ্যাসক্ষেত্র রয়েছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর পরীক্ষাগারে পাঠানো নমুনার চূড়ান্ত ফলাফল কী এসেছে, গ্যাসের প্রকৃতি ও সম্ভাব্য মজুত সম্পর্কে পরবর্তী মূল্যায়ন কী-এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি। এ নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে গ্যাস নির্গমন ও আগুনের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নলকূপ খননের জমির মালিক আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় তাঁর জমির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। চলাচলের জন্য নিজের অর্থায়নে নির্মাণ করা একটি কালভার্টও ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

আব্দুল্লাহ বলেন, এই আগুনের কারণে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশের লাভের জন্য হলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত লাভের কিছুই দেখছি না। আমার চলাচলের কালভার্টটিও ভেঙে গেছে, যেটি আমি নিজের অর্থায়নে তৈরি করেছিলাম। এখন যারা এসব দেখভাল করছেন, তারা আমাকে আরও তিন মাস অপেক্ষা করতে বলেছেন। দেখা যাক, কী হয়।

প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা, কারিগরি সক্ষমতা এবং জননিরাপত্তা-তিনটি বিষয় এখন ইনানীর এই ঘটনাকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে মাটির নিচ থেকে নির্গত গ্যাসের সঙ্গে কনডেনসেটের উপস্থিতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে টানা ২০ দিন ধরে আগুন জ্বলতে থাকায় গ্যাসের অপচয় ও নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, গ্যাসের প্রকৃতি, উৎস, চাপ, পরিমাণ ও ভূগর্ভস্থ অবস্থান নির্ধারণে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। আগুন নিয়ন্ত্রণে আনার পরই এসব বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের সুযোগ তৈরি হবে। বাণিজ্যিক সম্ভাবনা পাওয়া গেলে ভবিষ্যতে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন- কবে নিভবে ইনানীর এই আগুন? কবে বন্ধ হবে অনিয়ন্ত্রিত গ্যাসের নির্গমন? আর ভূগর্ভ থেকে বেরিয়ে আসা এই গ্যাস শেষ পর্যন্ত দেশের জ্বালানি সম্পদে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি করবে কি না?

এসব প্রশ্নের উত্তর পেতে এখন বাপেক্সের কার্যকর পদক্ষেপ ও পূর্ণাঙ্গ কারিগরি মূল্যায়নের অপেক্ষায় কক্সবাজারের ইনানীবাসী।

তিনি বলেন, তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে কিছুটা তথ্যবিভ্রাট তৈরি হয়েছে। খণ্ডিত ও ভুল তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন বক্তব্য আসছে। দেশের স্বার্থে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে বিবৃতি দেওয়া হচ্ছে।

মহেশখালীর নতুন এলএনজি টার্মিনালে ২০ বছরে সাশ্রয় হবে ২,৩০০ কোটি টাকা: জ্বালানি প্রতিমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মহেশখালীর নতুন এলএনজি টার্মিনালে ২০ বছরে সাশ্রয় হবে ২,৩০০ কোটি টাকা: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই টার্মিনালের মাধ্যমে বড় আকারের এলএনজি কার্গো আমদানির সুযোগ তৈরি হবে। এতে প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় সম্ভব হবে। ২০ বছর মেয়াদি চুক্তিতে বছরে ৫০টি কার্গো আমদানির হিসাবে মোট ২,৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে ৩০০ বিধিতে নতুন এফএসআরইউ স্থাপন নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

 

তিনি বলেন, তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়ে কিছুটা তথ্যবিভ্রাট তৈরি হয়েছে। খণ্ডিত ও ভুল তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন বক্তব্য আসছে। দেশের স্বার্থে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে বিবৃতি দেওয়া হচ্ছে।

 

নতুন এফএসআরইউর সক্ষমতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি এফএসআরইউ রয়েছে। এগুলোর প্রতিটির এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন যে এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার।

 

তিনি বলেন, অধিক ধারণক্ষমতার এফএসআরইউ নির্মাণ ও পরিচালনায় তুলনামূলক বেশি মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয়। ফলে এর দৈনিক ভাড়াও বেশি হওয়া স্বাভাবিক। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন টার্মিনাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউ নির্মিত হয়েছিল ২০০৫ ও ২০০৬ সালে। ২০০৮ সালে নির্মিত একটি এফএসআরইউ সংগ্রহের প্রস্তাবও ছিল। কিন্তু গত আগস্টে একটি এফএসআরইউ নষ্ট হওয়ার কারণে দেশকে যে চড়া মূল্য দিতে হয়েছে, তার পুনরাবৃত্তি সরকার চায়নি। ওই ঘটনায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও গৃহস্থালি গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছিলেন। তাই বাজারে সহজলভ্যতা বিবেচনায় তুলনামূলক নতুন জাহাজটি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

রিগ্যাসিফিকেশন সক্ষমতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে থাকা দুটি এফএসআরইউ প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করতে পারে। নতুন এফএসআরইউতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। সবগুলো একসঙ্গে চালু করলে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। তবে একটি ইউনিট স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস রিগ্যাসিফাই করার পরিকল্পনা রয়েছে।

 

নতুন টার্মিনালের সুবিধা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। ফলে ভাসমান সংরক্ষণাগারই এ মুহূর্তে দেশের জন্য একমাত্র বিকল্প। নতুন এফএসআরইউর ধারণক্ষমতা বেশি হওয়ায় অতিরিক্ত এলএনজি মজুত রাখা সম্ভব হবে। পাশাপাশি এতে মস ও মেমব্রেন উভয় ধরনের এলএনজি পরিবহনকারী জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। বিদ্যমান দুটি টার্মিনালে এ ধরনের সুবিধা নেই।

 

বড় জাহাজ ভেড়ানোর সুযোগের ফলে বেশি পরিমাণে এলএনজি একসঙ্গে আমদানি করা যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বড় কার্গো কেনার মাধ্যমে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট পর্যন্ত সাশ্রয় হতে পারে। হিসাব অনুযায়ী, প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় সম্ভব। বছরে ৫০টি কার্গো এবং ২০ বছর মেয়াদি চুক্তির ভিত্তিতে মোট ২,৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে।

 

তিনি আরও বলেন, বর্তমানে দুটি এফএসআরইউ দিয়ে বছরে প্রায় ১১৫টি কার্গো গ্রহণ করা সম্ভব। প্রতিটি জাহাজ আসা ও বের হওয়ার ক্ষেত্রে তিন থেকে চার দিনের ব্যবধান রাখতে হয়। এর মধ্যে অন্য জাহাজ এসে পৌঁছালে সেটিকে বঙ্গোপসাগরে অপেক্ষা করতে হয়। অপেক্ষার প্রতিটি ঘণ্টার জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়।

 

জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এলএনজি সরবরাহ নিশ্চিত করাও নতুন এফএসআরইউ সংগ্রহের অন্যতম উদ্দেশ্য। সংকটকালেও সরকারের প্রচেষ্টায় এক দিনের জন্য এলএনজি সরবরাহ বন্ধ হয়নি। তবে এফএসআরইউতে ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সংরক্ষণক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জাতীয় গ্যাস গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো কারণে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ হয়ে গেলে পরে আবার সরবরাহ চালু করলেও জাতীয় গ্রিডে গ্যাসের চাপ স্বাভাবিক হতে সময় লাগে। বিশেষ করে গ্যাসের চাপ কমে গেলে তা পুনরায় স্বাভাবিক করতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। নতুন টার্মিনালে বেশি এলএনজি সংরক্ষণের সুযোগ থাকলে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে চায় সরকার। কোনো টাকার অপচয় তো নয়ই, একটি পয়সারও যেন অপচয় না হয়, সেটি নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্য।

সরকারি গাড়ি ও ভাড়াটে মডেল নিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে কর কমিশনারের ফুর্তি!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
সরকারি গাড়ি ও ভাড়াটে মডেল নিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে কর কমিশনারের ফুর্তি!

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-কক্সবাজারের কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। তিনি ঢাকা কলেজের এইচএসসি ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী। সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ ব্যাচের সহপাঠীদের নিয়ে আয়োজন করেছেন পুনর্মিলনী অনুষ্ঠান। কক্সবাজারের মতো পর্যটন এলাকায় প্রায় শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে করেছেন আমোদ-ফুর্তি। এ অনুষ্ঠানে কর অঞ্চলের সরকারি গাড়ি ব্যবহার, রিসোর্ট বুকিং এবং ঢাকা থেকে ভাড়াটে মডেল আনার অভিযোগ উঠেছে কমিশনারের বিরুদ্ধে। যা সরকারি চাকরি আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

ঘটনাটি গত ১৬ অক্টোবরের। পুনর্মিলনী অনুষ্ঠানের নামে আমোদ-ফুর্তির আয়োজন করতে কক্সবাজারের ইনানী রয়্যাল রিসোর্টের ভাড়া নেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিনোদন ও মনোরঞ্জনের জন্য ঢাকা থেকে নেওয়া হয় কয়েকজন ভাড়াটে মডেল।

 

তাদের যাতায়াত, থাকা-খাওয়া এবং অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের ব্যয় বহনসহ পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। ব্যক্তিগত এ আয়োজনে একাধিক সরকারি গাড়িও ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি গাড়ির নম্বর পাওয়া গেছে—ঢাকা মেট্রো-ঘ ২১-৪২৭১ এবং চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯১৮১। এসব তথ্য উঠে এসেছে এনপিবির অনুসন্ধানে।

 

শুধু কমিশনারের যাতায়াত নয়, পুনর্মিলনীতে অংশ নেওয়া বন্ধুদের আনা-নেওয়ার জন্যও সরকারি গাড়ি ব্যবহার করা হয়েছে। এমনকি তার অধীনস্থ কার্যালয়ের সব গাড়িই এ আয়োজনে কাজে লাগানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

 

রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো রিসোর্টের বুকিং সরাসরি কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের নামে করা হয়। ফলে ব্যক্তিগত আয়োজনটির সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি বুকিংয়ের তথ্যেও উঠে এসেছে।

 

ঢাকা থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক নারী নাম প্রকাশ না করার শর্তে এনপিবি নিউজকে বলেন, ‘আমাদের সাথে যোগাযোগ করা হয় কক্সবাজারের একজন লোকের মাধ্যমে। তিনি সরকারি চাকরিজীবী বলে জানতে পেরেছি। আমাদের সঙ্গে সরাসরি কথা হয়নি তার। তবে কক্সবাজারে আমাদেরকে রিসিভ করে একটি হায়েস গাড়ির মাধ্যমে রিসোর্ট পর্যন্ত নিয়ে যায় একজন ব্যক্তি।’

 

এই অনুষ্ঠানে তাদের কী কাজ ছিল জানতে চাইলে একজন মডেল বলেন, ‘আমাদের নিয়ে কি করে? আমরা অনুষ্ঠানে ছিলাম, আনন্দ করেছি।’

 

ব্যক্তিগত আয়োজনে সরকারি গাড়ির বহর একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত সামাজিক অনুষ্ঠানে সরকারি যানবাহন ব্যবহার গুরুতর আইন লঙ্ঘন বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা। কারণ সরকারি গাড়ির জ্বালানি, চালকের বেতন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় নির্বাহ করা হয় রাষ্ট্রীয় অর্থে। শেষ পর্যন্ত এসব ব্যয়ের উৎস জনগণের করের টাকা। কর কমিশনারের মতো রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর বলে জানান এনবিআরের একজন কর্মকর্তা।

তার মতে, কর অঞ্চলের দায়িত্বের মধ্যে রয়েছে কর আদায়, রাজস্ব প্রশাসন পরিচালনা এবং সরকারি আয় বাড়ানোর কার্যক্রম তদারক করা। অথচ ব্যক্তিগত অনুষ্ঠানে সরকারি দপ্তরের যানবাহন ব্যবহারের অভিযোগ উঠলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়।

 

তিনি আরও বলেন, ‘কর কমিশনারের মূল কাজই হলো কর আয় বাড়ানো। এরমধ্যে নিজের আওতাধীন এলাকার কোনো কর আদায়যোগ্য প্রতিষ্ঠান থেকে কোনোরকম সুবিধা নেওয়াও গুরুতর আইনের লঙ্ঘন। এতে ক্ষতি হবে সরকারের রাজস্ব আদায়ে।’

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ব্যবহৃত দুটি গাড়ির একটি ঢাকা মেট্রো-ঘ ২১-৪২৭১ এবং অন্যটি চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯১৮১। গাড়ির লগবুক, চলাচলের রেকর্ড ও জ্বালানি বিল সম্পর্কে জানতে চাইলেও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি কক্সবাজার কর অঞ্চল।

 

একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য একাধিক সরকারি যানবাহন ব্যবহার করা ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা।

 

রিসোর্ট ভাড়া ও মডেলদের ব্যয় কার?

 

অনুষ্ঠানের জন্য ইনানী রয়্যাল রিসোর্ট ভাড়া নেওয়া হয়। যা রিসোর্ট কর্তৃপক্ষও এনপিবি নিউজরে কাছে স্বীকার করেছে। রিসোর্ট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বুকিং করা হয়েছিল কমিশনারের নিজের নামে। তবে রিসোর্ট ভাড়ার মোট অর্থ কত, কে বিল পরিশোধ করেছেন এবং অর্থের উৎস কী—এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি রিসোর্ট কর্তৃপক্ষ।

 

নাম প্রকাশ না করার শর্তে রিসোর্টের একজন কর্মী এনপিবি নিউজকে বলেন, ‘কমিশনার রিসোর্ট বুক করেছেন তার নামে। এর বেশি আমরা বলতে পারবো না। বলে কি বিপদে পড়বো নাকি?’

 

সরকারি গাড়ি ও ক্ষমতা ব্যবহারে আইন কী বলছে

 

সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ অনুযায়ী, সরকারি যানবাহনের অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে সরকার বিধিমালা প্রণয়ন করতে পারে। আইনের ৩(৩) ধারায় বলা হয়েছে, এ আইনের অধীন প্রণীত বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রযোজ্য শৃঙ্খলাসংক্রান্ত আইন বা বিধিমালায় শাস্তিযোগ্য অসদাচরণের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

 

এ ছাড়া সরকারি যানবাহনের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও জনস্বার্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সরকারি নির্দেশনা রয়েছে। ফলে সরকারি গাড়ি কোন উদ্দেশ্যে বরাদ্দ ও ব্যবহার করা হয়েছে, তার হিসাব সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন থাকা গুরুত্বপূর্ণ।

 

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে—

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে—

 

সরকারি পদমর্যাদা বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

দায়িত্ব পালনের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হয়, এমন সুবিধা গ্রহণের বিষয়টি যাচাইযোগ্য।

কোনো করদাতা বা কর-সংক্রান্ত কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা মূল্যে বা অস্বাভাবিক কম মূল্যে রিসোর্ট সুবিধা নিলে তা গুরুতর প্রশ্ন তৈরি করতে পারে।

বিধিমালা লঙ্ঘন প্রমাণিত হলে বিভাগীয় অসদাচরণের অভিযোগ আনা যেতে পারে। কর কমিশনারের পক্ষ থেকে রিসোর্ট বুকিং করা হয়েছে। এতে তার ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

এদিকে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ আইনের ৫(১)(খ) ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা তার দাপ্তরিক দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান সুবিধা গ্রহণ করলে অপরাধের প্রশ্ন উঠতে পারে।

 

৫(১)(ঘ) ধারায় সরকারি পদ বা ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারও জন্য আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও অপরাধ হিসেবে বিবেচিত।

 

কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন শহর। এই শহরে প্রচুর হোটেল, মোটেল, রেস্তোরাঁ অবস্থিত। এখান থেকে কর আদায় আরো বাড়াতে আলাদা কর অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ২০২৫ সালে। কিন্তু এখন পর্যন্ত এই কর অঞ্চলটি আশাব্যঞ্জক কোনো কার্যক্ষমতা দেখাতে পারেনি। নিয়মিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় করছে এই কর অঞ্চল।

 

কর কমিশনারের খামখেয়ালি আচরণের কারণে এই কর অঞ্চলের কর আদায় কমছে বলে অভিযোগ করেছেন খোদ এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি এনপিবি নিউজকে বলেন, ‘কর কমিশনারের বিরুদ্ধে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। তিনি তার উপর অর্পিত দায়িত্বের চেয়ে অন্য কাজে বেশি মনযোগী থাকছেন।’

 

এনবিআরের ভূমিকা নিয়ে প্রশ্ন

 

জাতীয় রাজস্ব বোর্ডের অধীন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকলে কার নির্দেশে তা হয়েছে, কী পরিমাণ সরকারি অর্থ ব্যয় হয়েছে এবং এর পেছনে কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না—এসব বিষয়ে এনবিআরের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এ বিষয়ে কোনো মন্তব্য না করে এনবিআর থেকে বলা হয় এসব ছোটোখাটো ইস্যুতে নিউজ না করার জন্য। এসব নিউজ এনবিআরকে বিব্রত করে।

 

কমিশনারের মামলার হুমকি

 

এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে মামলার হুমকি প্রদান করেন। এই অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। তাকে দিয়ে এনপিবি নিউজের বিরুদ্ধে কোটি টাকার মামলা করা হবে বলে হুমকি দেন।