বিয়েতে অমত, নাকি বিষপান? রামুতে ছাত্রীর মৃত্যু ঘিরে মাকে সন্দেহ
রামুতে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দারিয়ার দীঘি রাস্তার মাথা এলাকায় কাইসারু সুলতানা নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ বিষপানের কথা বলছেন, আবার স্থানীয়ভাবে বিয়েকে কেন্দ্র করে মা-মেয়ের বিরোধের বিষয়টিও আলোচনায় এসেছে।
গত ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির অমতে তার খালাতো ভাই রানার সঙ্গে বিয়ের কথা ঠিক করা নিয়ে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়টি দারুল জান্নাত মহিলা মাদ্রাসার এক শিক্ষিকার সঙ্গে শেয়ার করার কথাও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
অন্যদিকে, ভিকটিমের মা জেসমিন আক্তার এসব অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার মেয়ে গত ৪-৫ দিন ধরে টাইফয়েডে আক্রান্ত ছিল। মেয়ের অমতে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ২০৩০ সালে মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল; এখনো তার মেয়ের বয়স কম। কোনো প্রবাসীর সঙ্গে মেয়ের সম্পর্ক থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
ঘটনার বর্ণনায় জেসমিন আক্তার বলেন, ঘটনার দিন মাগরিবের পর তার মেয়ে পাশের বাড়িতে থেকে ফিরে এলে দুজন একসঙ্গে শুয়ে পড়েন। পরে মেয়েকে তার খালাতো ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলতে বললে অসুস্থতার কথা বলে সে এড়িয়ে যায়। একপর্যায়ে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা পর্যবেক্ষণ করে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তবে তার মেয়ে কখন ও কোথায় মারা গেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ডা. নছরুল্লাহ রাইহান বলেন,ঘটনাটি নিয়ে রাত ২টা পর্যন্ত থানায় ছিলাম। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিষয়টি এসআই রাহুল ও রামু থানার ওসি অবগত রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। প্রতিবেদনে যদি কারও অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে তার শাস্তি হওয়া উচিত।
এদিকে, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. ফজলুল হক বলেন, “মেয়েটির মৃত্যুর বিষয়ে কেউ হত্যার অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেনি। মেয়েটি মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন থানায় এসেছিলেন। তারা ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে আমরা ময়নাতদন্ত করার পরামর্শ দিয়েছি। ঘটনার বিস্তারিত এখনো আমাদের জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণসহ পরবর্তী বিষয়গুলো আরও পরিষ্কার হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ এবং কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন