খুঁজুন
, ,

রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
শেয়ার করুন

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়েছে। বাংলাটিভি লাইভ

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেডসদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে অবহিত করেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে।

 

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীতে পৌঁছেছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে বিষয়টি জানানো হলে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা নিয়ে সতর্কতা জোরদার করা হয়েছে।

গোয়েন্দা পরিচয়ে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
গোয়েন্দা পরিচয়ে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
শেয়ার করুন

সংসদে বক্তব্য দিতে গিয়ে গোয়েন্দা দপ্তর থেকে এক এমপিকে ফোন করে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার কথা বলেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গোয়েন্দা দপ্তর থেকে এমপিকে ফোন, আপনি জামায়াত ছেড়ে দেন’—এমন ঘটনা ঘটেছে। এ সময় তিনি বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্যকে গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ওই এমপির নাম বা কোন গোয়েন্দা সংস্থা থেকে ফোন করা হয়েছে, সে বিষয়ে বক্তব্যে বিস্তারিত জানাননি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো সংসদ সদস্যকে এভাবে চাপ দেওয়া হলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তিনি সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, কাকে এমন কথা বলা হয়েছে। কোন গোয়েন্দা সংস্থা থেকে ফোন করা হয়েছে। বিস্তারিত দিলে আমরা দেখব।

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম
শেয়ার করুন

স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক—ব্যক্তিগতভাবে এটি পছন্দ করেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যৌথভাবে উপার্জন বা উভয় পক্ষ চাকরি করায় আইনগত কিংবা সামাজিক বাধা না থাকলেও, সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব পড়ে বলে মন্তব্য করেছেন তিনি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বক্তব্য প্রদানকালে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।’

 

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে—বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।’

 

অনুষ্ঠানে উপস্থিত এক তরুণ প্রকৌশলী প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাঁর জন্মের পর তাঁর মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় সন্তানকে দিয়েছিলেন।

 

এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনার মা চাকরি ছেড়ে দিয়েছিলেন বলেই আজকে আপনি প্রকৌশলী হতে পেরেছেন, এটি একপ্রকার নিশ্চিত।’

 

বিষয়টি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয় সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’

স্ত্রী পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
স্ত্রী পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ভিডিওতে তার সঙ্গে এক নারীকে দেখা গেছে। এরপর প্রশ্ন উঠেছে ছাত্রশক্তির এই নেতার সঙ্গে থাকা নারী কে।

হাসিব শ্রীমঙ্গলের যে রিসোর্টে ছিলেন সেই রিসোর্টের ম্যানেজার নিশ্চিত করেছেন, তারা দম্পতি পরিচয়ে রুম নিয়েছিলেন।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায় কোথাও যাচ্ছেন। তার সঙ্গে একজন নারী ছিলেন।

পথে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান হাসিব।

জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল।

তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।

রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব।

রুম নম্বর ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।

ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় হাসিব আহত। চিকিৎসাধীন আছেন।

হাসিব আল ইসলামের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

সূত্র : কালের কন্ঠ