খুঁজুন
, ,

৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
শেয়ার করুন

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার। আজ শনিবার বেলা পৌনে ১২ টায় রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

তিনি বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজকে থেকে গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বেড়ে হয়েছে ১১ হাজার টাকা।

 

গ্রাম পুলিশের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে এক লাখ টাকা করা হয়েছে বলে জানান তারেক রহমান।

 

তিনি আরও জানান, গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে এখন থেকে গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

 

এর আগে, সমাবেশস্থলে প্রবেশ করেই সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রমুখ।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’
শেয়ার করুন

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদেও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা গণমাধ্যমে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।

প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি
শেয়ার করুন

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

 

এ সময় গ্রাম পুলিশের পরিচয় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।’

 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধে যুক্ত হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশের আগাম তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা জনগণের নিরাপত্তায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি দেশের প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি থাকলে বাংলাদেশ শান্তি ও স্বস্তিতে থাকবে।’

 

গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি এখনো গ্রামীণ জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠছে। একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে পরীমনি বাদ
শেয়ার করুন

সমালোচিত ও বিতর্কিত নায়িকা পরীমনি সম্প্রতি এক সাংবাদিককে প্রকাশ্য গালাগাল ও অপদস্থ করার ঘটনায় ফুঁসে উঠেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ৷ আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরীমনির অংশ নেওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি থেকে পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।

 

জানা গেছে, গতকাল পরীমনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে চট্টগ্রামের CFVA এর একটি অনুষ্ঠানের পোষ্টার পোস্ট করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” সেই পোষ্টারের মধ্যমনি হিসেবে পরীমনির ছবি দেখা গেছে৷

 

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পরীমনি’র অংশ নেওয়ার খবরে সর্বত্র প্রতিবাদের ঝড় উঠে৷ বিশেষ করে চট্টগ্রামে কর্মরত পেশাদার সাংবাদিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ একজন সাংবাদিককে প্রকাশ্য অপদস্থ করার পর সেই বিতর্কিত নায়িকাকে চট্টগ্রামের অনুষ্ঠানে আমন্ত্রিত জানানোয় পুরো আয়োজনটি বয়কট ও প্রতিহত করার ঘোষনা আসে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন থেকে৷

 

এই প্রতিবাদের মুখে আয়োজক সংস্থা তাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিতর্কিত নায়িকা পরীমনিকে বাদ দেয়ার স্বিদ্ধান্ত নিয়েছেন। সেই সাথে পরীমনির ছবি বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা৷

 

অনুষ্ঠানটির আয়োজকদের একজন বিডি২৪লাইভকে বলেন, ঢাকা আদালত প্রাঙ্গনে সাংবাদিকের সাথে ঘটনাটির অনেক আগেই শিল্পীর (পরীমনি) সাথে চুক্তি হয়েছিল আয়োজক কমিটির। তবে গণমাধ্যম কর্মীকে অসম্মান করার কারণে এবং চট্টগ্রামের সর্বস্থরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি গণমাধ্যম কর্মীদের দাবির সমর্থন জানিয়ে এই ইভেন্ট থেকে পরীমনিকে বাদ দিয়েছে৷