১০ বছর ধরে মালয়েশিয়ায়, কক্সবাজারে শারীরিক পরীক্ষা! চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়নের অভিযোগ
প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন এক ব্যক্তি। অথচ তাঁর শারীরিক পরীক্ষা কক্সবাজারে হয়েছে বলে উল্লেখ করে বয়স ও জন্মতারিখ নির্ধারণের প্রত্যয়নপত্র দিয়েছেন এক চিকিৎসক। সেই প্রত্যয়নপত্র দিয়ে জন্মনিবন্ধন সংশোধনের আবেদন করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের বিরুদ্ধে ভুয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি এমন প্রত্যয়ন দেওয়ার নিয়ম আছে বলে জানান। কিন্তু ১৫ মিনিট পর ফোন করে বলেন, তিনি এ ধরনের কোনো প্রত্যয়ন দেননি।
অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুহুল্লার ডেইল এলাকার ফজল করিম প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। সম্প্রতি তাঁর জন্মনিবন্ধনে জন্মতারিখ সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়।
আবেদনের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের স্বাক্ষর করা একটি প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়। ইউনিয়ন হাসপাতালের প্যাডে দেওয়া ওই প্রত্যয়নপত্রে বলা হয়েছে, ফজল করিমের শারীরিক পরীক্ষা করে তাঁর বয়স ৩৩ বছর এবং জন্মতারিখ ১০ আগস্ট ১৯৯৩ নির্ধারণ করা হয়েছে।কিন্তু প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় থাকা ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা কক্সবাজারে কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জনপ্রতিনির সঙ্গে চিকিৎসকের কথা কাটাকাটি
বিষয়টি জানতে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন।
চেয়ারম্যানের অভিযোগ, চিকিৎসক প্রথমে প্রত্যয়নপত্রটি দেওয়ার কথা স্বীকার করেন। পরে কাগজপত্র তাঁর চেম্বারে পাঠাতে বলেন। তবে প্রবাসে থাকা ব্যক্তির শারীরিক পরীক্ষা কীভাবে করেছেন, তা জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে অশোভন আচরণ করেন।
নাছির উদ্দিন বলেন, জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অনিয়মের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেছেন।
১৫ মিনিটের ব্যবধানে দুই বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে ডা. রণধীর দেব নাথের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বলেন, বিধি অনুসারে এ ধরনের প্রত্যয়নপত্র দেওয়া যায়।
কিন্তু ১৫ মিনিট পর তিনি নিজেই প্রতিবেদকের নম্বরে ফোন করেন। তখন বলেন,এই প্রত্যয়নপত্রটি আমি দিইনি। সাধারণত এ ধরনের প্রত্যয়নপত্র দেওয়ার কোনো নিয়ম নেইচিকিৎসকের এমন দুই ধরনের বক্তব্যে ঘটনাটি নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। প্রত্যয়নপত্রে তাঁর স্বাক্ষর কীভাবে এলো, সেটিও এখন তদন্তের বিষয়।
বয়স নির্ধারণের নিয়ম কী?
কক্সবাজার সদর হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, এভাবে সাধারণ চিকিৎসকের বয়স নির্ধারণের প্রত্যয়ন দেওয়ার নিয়ম নেই। বয়স নির্ধারণের জন্য সাধারণত আদালতের আদেশ অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদন প্রয়োজন হয়। এরপর সিভিল সার্জনের অনুমতি নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ডের মাধ্যমে বয়স নির্ধারণ করা হয়।
তিনি বলেন, নিয়ম না মেনে চিকিৎসক নিজে এমন প্রত্যয়ন দিয়ে থাকলে তা গুরুতর অনিয়ম।
এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো বুঝতে পারতেছি না সে কোন ধরনের ঘটনা করেছে। আপাতত রাখি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
প্রায় ১০ বছর ধরে বিদেশে থাকা একজন ব্যক্তির শারীরিক পরীক্ষা দেশে কীভাবে সম্পন্ন হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। প্রত্যয়নপত্রটি কে তৈরি করেছেন, চিকিৎসকের স্বাক্ষর কীভাবে ব্যবহার হয়েছে এবং এর পেছনে কোনো আর্থিক লেনদেন রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন