ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
পরিদর্শন শেষে নাছির সাংবাদিকদের বলেছেন, এই যে ককলেট ফুটাচ্ছে ক্যাম্পাসে, এটাতে তো ডাকসু ভিপি সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। সাদিক কায়েমরা এরকম বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, সেই বিভ্রান্তিকর বক্তব্য ছাত্রলীগ ক্যাশ করে তারা এই ককটেল ফুটাচ্ছে।
তিনি আরও বলেন, তার (সাদিক কায়েম) পুরাতন প্রেম ছাত্রলীগের প্রতি ছিল। সেটি হয়তো ধারণ করার জন্য সে এখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই। সন্ত্রাসী সাদ্দামের (ছাত্রলীগ সভাপতি) আহ্বানে সাড়া দিয়ে তারা তাদের পরিবারকে, তাদের বউ বাচ্চাকে সময় দিচ্ছে। এটি খুবই লজ্জাজনক।
‘‘একটি ক্যাম্পাসেও ছাত্রশিবির কোথাও ছাত্রলীগের বিরুদ্ধে গত দুই-তিন দিন ধরে যে কোথাও কোনো প্রতিরোধ গড়ে তুলেছেন। একটিও আমরা গণমাধ্যমে আমরা দেখিনি বরং তারা ছাত্রলীগের সন্ত্রাসী সাদ্দামের আহ্বানে সাড়া দিয়ে তারা তাদের পরিবারকে তাদের বউ বাচ্চাকে সময় দিচ্ছে।’’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এটি খুবই লজ্জাজনক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করি এই ধরনের রাজনীতি শিক্ষার্থীরা কোনো কারণেই গ্রহণ করবে না। ভবিষ্যতে গ্রহণ করার কোনো কারণ থাকবে না বলে আমরা মনে করি।

আপনার মতামত লিখুন