৩০ শিশুকে বাঁচাতে একাই সাপের সঙ্গে লড়াই করে প্রাণ দিল কুকুর
নিজের জীবন তুচ্ছ করে ৩০টি শিশুর প্রাণ বাঁচিয়েছে এক নেড়ি কুকুর। ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার ধীরাকুলা গ্রামে গত সোমবার সকালে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। শিশুদের ঢাল হয়ে বিষধর সাপের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে এই অবলা প্রাণীটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাকুলা গ্রামের শ্রী জগন্নাথ শিশু বিদ্যা মন্দিরের সামনে প্রতিদিনের মতো সেদিনও প্রায় ৩০ জন শিশু একত্রে বসে ছিল। আচমকা একটি বিষধর সাপ দ্রুতগতিতে শিশুদের দিকে ধেয়ে আসতে থাকে। উপস্থিত কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে থাকা একটি নেড়ি কুকুর সাপটির পথ আগলে দাঁড়ায়। শিশুদের জীবন বাঁচাতে নিজেই যমদূতের মুখোমুখি হয় সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুর ও সাপের মধ্যে দীর্ঘক্ষণ লড়াই চলে। একপর্যায়ে কুকুরটি সাপটিকে মেরে ফেলতে সক্ষম হলেও নিজে মারাত্মকভাবে জখম হয়। লড়াই চলাকালীন সাপটি বারবার কুকুরটির মুখে দংশন করে। বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পড়ায় লড়াইয়ের কিছুক্ষণ পরেই সবার চোখের সামনে কুকুরটি প্রাণ হারায়। তবে অলৌকিকভাবে সেখানে উপস্থিত থাকা ৩০টি শিশুর প্রত্যেকেই সম্পূর্ণ অক্ষত রয়েছে।
গ্রামবাসীরা ভালোবেসে এই সাহসী কুকুরটির নাম দিয়েছেন ‘কালি’। স্থানীয়দের মতে, কালির তাৎক্ষণিক প্রতিরোধ না থাকলে ওইদিন এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হতে হতো গ্রামটিকে। পশুর এমন নিঃস্বার্থ ও সুরক্ষামূলক আচরণে বর্তমানে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি কালির অসীম সাহসিকতা এখন সবার মুখে মুখে ফিরছে। এলাকাবাসী তাকে প্রকৃত ‘বীর’ হিসেবে অভিহিত করছেন।

আপনার মতামত লিখুন