খুঁজুন
, ,

হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এই প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র।

 

 

রোববার (৮ মার্চ) রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির হত্যায় অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সালের সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেফতার হওয়ার খবর আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। হত্যাকাণ্ড ঘটানোর কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র।’

 

 

নাছির বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভারতে প্রধান দুই আসামি গ্রেফতার হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাদি হত্যার বিচারের ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল এবং আছে। নির্বাচনী ইশতেহারেও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদীর কবর জেয়ারত করেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাদী হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে।’

 

 

ছাত্রদলের সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, ‘বন্দী প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারত এই অভিযুক্তদের প্রত্যর্পণ করবে। এক্ষেত্রে সরকার অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে।’

 

 

প্রসঙ্গত, হাদি হত্যায় অভিযুক্ত দুই বাংলাদেশী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে আটক হন। পরে ওই দুই ব্যক্তিকে রোববার (৮ মার্চ) বিধাননগর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী জেসমিন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী জেসমিন

একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনা বিরল। তবে কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নারীর ক্ষেত্রে ঘটেছে কিছুটা ব্যতিক্রমী ঘটনা। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। সব মিলিয়ে চার সন্তানের মা হয়েছেন জেসমিন বিবি (২৬)। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
জেসমিন বিবি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের এ-১ এলাকার বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্র জানায়, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী হন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। গত ১৩ নভেম্বর রাতে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবে একটি শিশুর জন্ম হয়।

এরপর গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন শিশুর। এ নিয়ে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দেন জেসমিন।

ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার শিশুর জন্ম সম্পন্ন হয়েছে।
####

ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিষিদ্ধ আ. লীগ কর্মী নিহত, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ওসি মতিউর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও তিন যুবক। এসময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকী তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উদ্ধার করা হয়।

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি নেতারা।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই থেকে তিনজন অজ্ঞাতয় যুবক বিএনপির ওই কার্যালয়ে আগুন দিচ্ছেন। আগুনে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা-পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’