চকরিয়ায় হাতি হত্যার ঘটনা: মাটিতে পুঁতেও ধরা খেল দায়ীরা
চকরিয়ায় বনের গভীরে হাতি হত্যা: মাটিচাপা দিয়ে ঘর নির্মাণ, তবুও রক্ষা হয়নি
চট্টগ্রামের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের করিম্মা কাটার ঘোনা এলাকায় বনের গভীরে একটি বন্য হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হত্যার পর ঘটনাটি গোপন করতে হাতিটির ওপর একটি ছোট কাঁচা ঘরও নির্মাণ করা হয়। তবে শেষ পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি ফাঁস হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বনবিভাগ, পুলিশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মাটির নিচ থেকে হাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে।
জানা যায়, প্রায় এক মাস আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম নগর ও করিম্মা কাটার ঘোনা এলাকার বনের গভীরে আনুমানিক ১০ বছর বয়সী একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে হাতিটিকে মাটিতে পুঁতে তার ওপর একটি কাঁচা ঘর নির্মাণ করা হয়, যাতে কেউ সন্দেহ না করে।
পরবর্তীতে মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বনবিভাগকে বিষয়টি জানায়। খবর পেয়ে বনবিভাগের টহল দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, হাতিটিকে গুলি করে অথবা বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন